গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:৫০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:২৩ পিএম

আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন হলে ইসরায়েল ধ্বংস হবে, দাবি নেতানিয়াহুর

জাতীয়
গণমাধ্যম ডেক্স
আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন হলে ইসরায়েল ধ্বংস হবে, দাবি নেতানিয়াহুর
ইসরায়েলে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে। এ পরিস্থিতিতে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সতর্ক করে বলেছেন, আরব দলগুলোর সমর্থনে কোনো সরকার গঠিত হলে তা ইসরায়েলের অস্তিত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে। শনিবার বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে সরকার গঠনের প্রথম সুযোগ দেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। ২৮ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে তাকে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় দেওয়া হতে পারে। এরপরই এক ভিডিওবার্তায় ঐক্য সরকার গঠনের ডাক দেন নেতানিয়াহু। তিনি সব ইহুদিপন্থি ও জাতীয়তাবাদী দলকে এ সরকারে যোগ দেওয়ার আহ্বান জানান। এমনকি নিজের পুরোনো জোটের কট্টর ডানপন্থি ও ধর্মীয় দলগুলোকেও সরকারে রাখতে চান তিনি। তবে এসব দলের চরমপন্থি অবস্থানের কারণে বিরোধী দলগুলো তাদের সঙ্গে সরকার গঠনে রাজি নয়। নেতানিয়াহু অভিযোগ করেন, বিরোধীরা হামাসের সমর্থক আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের চেষ্টা করছে। এমন সরকার ক্ষমতায় এলে হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হবে এবং গাজা ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বাধাগ্রস্ত হবে বলে দাবি করেন তিনি। নেতানিয়াহুর বক্তব্যের জবাবে আইজেনকোটের দল ইয়াশার পার্টি তাকে ভণ্ডামি ও মিথ্যাচারের জন্য অভিযুক্ত করেছে। দলটির দাবি, ঐক্য সরকার চাইলে নেতানিয়াহুকে আগে চরমপন্থি দলগুলোর সঙ্গে জোট ভাঙতে হবে এবং আইজেনকোটের ঘোষিত চারটি নীতি মেনে নিতে হবে। আইজেনকোট আগেই জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে কোনো সরকারে যাবেন না তিনি। তার দাবি, হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংস, ইসরায়েলকে ইহুদিপন্থি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, স্বাধীনতার ঘোষণার মূল্যবোধ গ্রহণ এবং সবার জন্য বাধ্যতামূলক সেবা চালুর নীতিতে যারা সমর্থন দেবেন, তাদের নিয়েই সরকার গঠন করবেন। সূত্র: টাইমস অব ইসরায়েল

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।