গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:০০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:১৪ পিএম

মৃত্যুর ৩ বছর পর বাসা উচ্ছেদে মিলল মিশরের সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মৃত্যুর ৩ বছর পর বাসা উচ্ছেদে মিলল মিশরের সাবেক মন্ত্রীর বোনের কঙ্কাল
মিশরের গিজা গভর্নরেটের আল-হারাম এলাকায় একটি বাসা থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বাড়িভাড়া নিয়ে বিরোধের জেরে আদালতের উচ্ছেদ আদেশ কার্যকর করতে গিয়ে তার দেহাবশেষের সন্ধান পান কর্মকর্তারা। তিনি মিশরের একজন চক্ষু চিকিৎসক এবং দেশটির সাবেক এক মন্ত্রীর বোন ছিলেন। ফরেনসিক পরীক্ষায় জানা গেছে, ওই নারী প্রায় তিন বছর আগে মারা গেছেন। এত দিন তার মৃত্যুর বিষয়টি কারও নজরে আসেনি। সম্পত্তির মালিকের করা মামলার পর আদালত ভাড়াটিয়াকে ফ্ল্যাট থেকে উচ্ছেদের নির্দেশ দেন। কয়েক বছর ধরে ভাড়া পরিশোধ না করায় বাড়ির মালিক আইনি পদক্ষেপ নিয়েছিলেন। সেই আদেশ কার্যকর করতে পুলিশ ফ্ল্যাটটিতে গেলে একটি কক্ষের ভেতর মানুষের কঙ্কাল দেখতে পায়। পরে শুরু হয় মৃত নারীর পরিচয় ও মৃত্যুর কারণ অনুসন্ধান। তদন্তে জানা যায়, দেহাবশেষটি ওই ফ্ল্যাটের ভাড়াটিয়ার। ফরেনসিক পরীক্ষায় চিকিৎসকের মৃত্যুর আনুমানিক সময় তিন বছর আগে বলে নিশ্চিত হওয়া যায়। পরীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে। শরীরে আঘাত বা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। দক্ষিণ গিজার সরকারি কৌঁসুলির কার্যালয়ও পুলিশি তদন্তের প্রতিবেদন পর্যালোচনা করে অপরাধের সংশ্লিষ্টতা নাকচ করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ এবং চূড়ান্ত ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর তার দেহাবশেষ দাফনের অনুমতি দেন কৌঁসুলিরা। তদন্তে অপরাধের প্রমাণ না মিললেও তিন বছর ধরে একজন মানুষের মরদেহ কীভাবে ফ্ল্যাটের ভেতর পড়ে ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই চিকিৎসক একাই বসবাস করতেন। তার অনুপস্থিতিও এত দিন কারও নজরে আসেনি। কেউ নিখোঁজ হওয়ার অভিযোগ জানানোর পর নয়, বরং বাড়ির মালিকের উচ্ছেদ আদেশ কার্যকর করতে গিয়েই তার মৃত্যুর বিষয়টি সামনে আসে। সূত্র: গালফ নিউজ

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।