গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:০০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:২৯ পিএম

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

জাতীয়
গণমাধ্যম ডেক্স
পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন। মোটরসাইকেলে আসা ২ দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে থানায় ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। কাউকে গ্রেপ্তার করা যায়নি।’

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের উপর থেকে থানার প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। এতে বিস্ফোরণ ঘটলে থানার গেটের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে ককটেলের বিস্ফোরিত অংশের ছিটে লাগে। এতে তিনি সামান্য আহত হন।

এর আগে, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিআইডি কার্যালয়ের সামনে বীর উত্তম শামসুল আলম সড়কে একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানায় পুলিশ।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পৃথক স্থানে ৫টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।