গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:২৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:৩৭ পিএম

চিত্রনায়িকা পরীমনির গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
চিত্রনায়িকা পরীমনির গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ঢাকার আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে অকথ্য ভাষায় গালাগাল, পেশাগত কাজে ব্যবহৃত ট্রাইপড ভাঙচুর ও হেনস্তা করার প্রতিবাদ এবং চিত্রনায়িকা পরীমনিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

​রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় দোহার উপজেলার কালেমা চত্বরে দোহারের কর্মরত গণমাধ্যমকর্মীদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সংবাদকর্মীর ওপর এমন ন্যাক্কারজনক হামলা ও পৈশাচিক আচরণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধকতার শিকার এবং অত্যন্ত বিনয়ী ও পেশাদার এক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে তাকে প্রকাশ্যে হেনস্তা করা হয়েছে। শিগগিরই সাংবাদিক রবিউল ইসলাম রাজুকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত চিত্রনায়িকা পরীমনিকে দ্রুত গ্রেপ্তারের জোরালো দাবি জানানো হয়।

দোহার উপজেলার সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

​মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সমকালের দোহার উপজেলা প্রতিনিধি গোলাম টিপু, ডেইলি কালের কণ্ঠ মাল্টিমিডিয়া জার্নালিস্ট  ও এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জোবায়ের আহমেদ,  দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার শামীম আরমান, কালবেলার সাংবাদিক নুরুল ইসলাম তানিম, দোহার বার্তা২৪ ও দৈনিক সকালের খবরের তানজিম ইসলাম, কালের বার্তার শাহাদাৎ হোসেন, প্রিয়বাংলার সাংবাদিক বিল্লাল, ডিএন টাইমসের সাংবাদিক ফাহিম, দোহার ইনসাইটের সাংবাদিক তামিম এবং ইছামতীর সাংবাদিক মোস্তফা কুদ্দুস প্রমুখ।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।