১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের কাছে উচ্চমাত্রার ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে ওয়েলস সরকার। এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির তরুণ-তরুণী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, এসব পানীয়ের প্রতি নির্ভরশীলতা তৈরি হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বিবিসি ওয়েলসের প্রতিবেদনে বলা হয়েছে, কার্ডিফের তরুণদের সঙ্গে কথা বলে প্রস্তাবিত নিষেধাজ্ঞার পক্ষে সমর্থন পাওয়া গেছে। ১৭ বছর বয়সী এক তরুণী বলেন, এনার্জি ড্রিংকের ওপর নির্ভরশীল হয়ে পড়া খুব সহজ।
ওয়েলস সরকারের ভাষ্য, উচ্চমাত্রার ক্যাফেইনযুক্ত পানীয় গ্রহণের সঙ্গে শিশুদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির সম্পর্কের প্রমাণ রয়েছে। এর মধ্যে মাথাব্যথা, বিরক্তি, ক্লান্তি, পেটব্যথা, ঘুমের সময় ও মান কমে যাওয়া এবং মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতার ঝুঁকি বৃদ্ধির বিষয় রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রতি লিটারে ১৫০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন থাকা পানীয় ১৬ বছরের কম বয়সীদের কাছে বিক্রি করা যাবে না। দোকান, রেস্তোরাঁ, ক্যাফে, ভেন্ডিং মেশিন ও অনলাইন—সব ক্ষেত্রেই এ নিষেধাজ্ঞা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে চা, কফি ও কম ক্যাফেইনযুক্ত কোমল পানীয় এর আওতায় পড়বে না।
এর আগে ইংল্যান্ডেও একই ধরনের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এপ্রিল থেকে সেখানে ১৬ বছরের কম বয়সীদের কাছে রেড বুল, মনস্টার, রিলেন্টলেস ও প্রাইমের মতো পানীয় বিক্রি নিষিদ্ধ হবে। স্থূলতা, ঘুমের সমস্যা ও উদ্বেগ কমানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
কার্ডিফের পুষ্টিবিদ আইসলিং পিগট প্রস্তাবিত নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন। তার মতে, এটি হয়তো ১০ বছর আগেই নেওয়া উচিত ছিল। তিনি বলেন, ক্যাফেইন সাময়িকভাবে মনোযোগ বাড়ালেও পরে শরীরে ক্লান্তি নেমে আসতে পারে। এ ছাড়া শিশুরা অনেক সময় পুষ্টিকর খাবারের পরিবর্তে এনার্জি ড্রিংক পান করছে, যা উদ্বেগের বিষয়।
তবে ব্রিটিশ সফট ড্রিংকস অ্যাসোসিয়েশন এ নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। সংগঠনটির দাবি, এনার্জি ড্রিংকের অতিরিক্ত গ্রহণ বা ক্ষতির বিষয়ে শক্ত প্রমাণ নেই। তাদের সদস্য প্রতিষ্ঠানগুলো ২০১০ সাল থেকেই ১৬ বছরের কম বয়সীদের লক্ষ্য করে এসব পানীয়ের প্রচার চালায় না।
ওয়েলস সরকার প্রস্তাবটি নিয়ে জনমত সংগ্রহ করবে। পাশাপাশি অনলাইনে বয়স যাচাই, আইন প্রয়োগ, শাস্তি ও বাস্তবায়নের সময়সীমা নিয়েও পরামর্শ নেওয়া হবে।
সূত্র: বিবিসি
সূত্র: কালবেলা