চলতি বছরের আলিম পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা পরীক্ষার্থীদের খাতা যাচাই করতে আগামী ৯ ও ১০ নভেম্বর খাতা বোর্ডে জমা দিতে সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত দুই দিনে এসব উত্তরপত্র জমা দিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
রোববার (৮ নভেম্বর) বোর্ডের প্রকাশিত নির্দেশনায় বলা হয়, আগামী ৯ ও ১০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত উত্তরপত্রগুলো বোর্ডে জমা দিতে হবে। সংশ্লিষ্ট বিষয়ের প্রধান পরীক্ষক (হেড এক্সামিনার) ও পরীক্ষকদের নিজ নিজ দায়িত্বে এসব খাতা বোর্ডে নিয়ে যেতে বলা হয়েছে।
বোর্ডের নির্দেশনায় কোরআন মাজিদ (বিষয় কোড-২০১), হাদিস শরীফ (২০২), আল ফিকহ প্রথম পত্র (২০৩), আল ফিকহ দ্বিতীয় পত্র (২০৪), আরবি প্রথম পত্র (২০৫), আরবি দ্বিতীয় পত্র (২০৬) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (২০৯)-সহ বিভিন্ন বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের কথা উল্লেখ রয়েছে।
এ ছাড়া বিষয়ভিত্তিক প্রধান পরীক্ষকদের তালিকা এবং তাদের অধীনে থাকা পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত খাতার রোল ও ক্রমিক নম্বরও উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষকদের নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে বোর্ডে উপস্থিত হয়ে খাতা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া রোববার দুপুর ১২টায় শেষ হয়েছে। অনলাইনে কারিগরি ত্রুটির কারণে কয়েক ঘণ্টা আবেদনপ্রক্রিয়া বন্ধ থাকায় আবেদনের সময়সীমা ১২ ঘণ্টা বাড়ানো হয়েছিল।
সূত্র: কালবেলা