বরিশাল নগরীতে ঝটিকা মিছিল বের করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই মোটরসাইকেলে চড়ে পালিয়েছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আনন্দ মিছিলে সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিতি জানান তারা।
দাবি করা হচ্ছে, রোববার (৮ নভেম্বর) দুপুরে নগরীর পুলিশ লাইন্স রোডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সংক্ষিপ্ত সময়ের জন্য মিছিলটি বের করা হয়।
মিছিলের ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ লাইন্স রোডের রঙ্গন কমিউনিটি সেন্টারের সামনে থেকে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল নিয়ে পুলিশ লাইন্সের দিকে যায়।
এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। কয়েক সেকেন্ডের মাথায় নেতৃত্বে দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজ্জাকসহ কয়েকজন মোটরসাইকেলে উঠে চলে যান এবং মিছিলকারীরা ব্যানারসহ ছাত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।
মিছিলের ব্যানারে শেখ হাসিনা, কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, মহানগরের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছবি দেখা যায়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ৫ সেকেন্ডের মতো একটি মিছিল পুলিশ লাইন্স রোডে হয়েছে। সেখানকার হটপ্লেট রেস্টুরেন্টের সামনে থেকে মিছিলটি বের হয়। নেতৃত্ব দেওয়া রাজ্জাকের বাসা ওই এলাকায়। তার নেতৃত্বে মিছিলটি বের হয়েছে। মিছিলকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সূত্র: নতুন আরএসএস সোর্স