গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ১০:২২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:০৫ পিএম

এশিয়ার চার দেশে আলাদা শপিং অ্যাপ চালু করল টিকটক

জাতীয়
গণমাধ্যম ডেক্স
এশিয়ার চার দেশে আলাদা শপিং অ্যাপ চালু করল টিকটক

ই-কমার্স ব্যবসা আরও সম্প্রসারণ এবং অ্যামাজন ও টেমুর মতো প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে আলাদা ‘টিকটক শপ’ অ্যাপ চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। নির্বাচিত কয়েকটি দেশের ব্যবহারকারীরা এখন স্বতন্ত্র এই অ্যাপের মাধ্যমে অনলাইনে কেনাকাটা করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, আইওএস ও অ্যান্ড্রয়েড—দুই অপারেটিং সিস্টেমেই অ্যাপটি চালু হয়েছে। আপাতত সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনের ব্যবহারকারীরা এটি ডাউনলোড করতে পারবেন।

নতুন অ্যাপটিতে ব্যবহারকারীদের পছন্দ ও আগ্রহ অনুযায়ী পণ্যের সুপারিশ দেখানো হবে। পাশাপাশি লাইভস্ট্রিম এবং স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখে পণ্য কেনার সুযোগ থাকছে। কেনাকাটার পর অর্ডারের অবস্থান অনুসরণ এবং গ্রাহকসেবা পাওয়ার সুবিধাও যুক্ত করা হয়েছে।

মূল টিকটক অ্যাপের পরিবর্তে স্বতন্ত্র অ্যাপটির মাধ্যমে কেনাকাটায় ব্যবহারকারীদের উৎসাহিত করতে বিশেষ কিছু সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে অ্যাপ-নির্দিষ্ট ছাড়, বিনা মূল্যে পণ্য সরবরাহ এবং নিরাপদে অর্থ পরিশোধের ব্যবস্থা।

এই উদ্যোগের মাধ্যমে অনলাইন কেনাকাটার বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পরিকল্পনা করছে টিকটক। এত দিন মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের ভেতরেই টিকটক শপের কেনাকাটার সুবিধা ছিল। এবার আলাদা অ্যাপ চালুর মধ্য দিয়ে ই-কমার্সকে স্বতন্ত্র ব্যবসায়িক ক্ষেত্র হিসেবে এগিয়ে নেওয়ার আগ্রহ স্পষ্ট করল প্রতিষ্ঠানটি।

বিশ্বজুড়ে অনলাইন কেনাকাটার বাজারে অ্যামাজন ও টেমুর মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে। এমন পরিস্থিতিতে টিকটকের বিপুলসংখ্যক ব্যবহারকারী এবং ভিডিওভিত্তিক কনটেন্টকে কাজে লাগিয়ে নতুন অ্যাপটি বাজারে কতটা সাড়া ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

সূত্র: গালফ নিউজ

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।