প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ১২:৩১ এএম || প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:১৯ পিএম
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন বলেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের কোনও বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে জাতীয় ঐক্য গড়ে তুলে বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করেন। বাংলাদেশের আর্থ-সামাজিক ও ভৌগলিক বাস্তবতায় জাতীয় ঐক্য সমুন্নত রাখতে হলে আমাদের ৭ নভেম্বরের মতো সিপাহী জনতার বিপ্লবের চেতনা মনে প্রাণে ধারণ করতে হবে।
দেশপ্রেমের এই চেতনাকে ধারণ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. শরীফ আর রাফি।
তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, তৎকালীন রাজনৈতিক বাস্তবতা, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় সংহতি প্রতিষ্ঠায় এ দিবসের তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তিনি সমাপনী বক্তব্যে আলোচনা সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং দিবসের মূল চেতনা ধারণ করে বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমান, সহযোগী অধ্যাপক ড. আব্দুস ছাত্তার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল আলম, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আল্ মামুন সরকার ও সহকারী অধ্যাপক ইমরুল কবির, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. মো. রবিউল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক একেএম আব্দুল্লাহ আল মাসুদ ও সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সংহতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান। অনুষ্ঠানে ৭ নভেম্বর নিয়ে তৈরি একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স