গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ১০:৪১ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০৪:০০ এএম

তরুণেরা কোথায় খবর পড়েন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
তরুণেরা কোথায় খবর পড়েন

প্রশ্নটা এভাবে করলে ভালো হয়, তরুণেরা কি এখন খবর পড়ে (পাঠ অর্থে), নাকি খবর তাদের ওপর পড়ে (পতিত হওয়া অর্থে)?

স্বীকার করে নেওয়া জরুরি যে সংবাদপত্র বা সংবাদপ্রতিষ্ঠানের সঙ্গে এ প্রজন্মের সংবাদ পাঠকের সরাসরি যোগাযোগ ক্রমেই কমছে। ছাপা সংবাদপত্রের সঙ্গে তাদের সম্পর্ক প্রায় নেই বললেই চলে। খবর তারা পায় ডিজিটাল মাধ্যমে।

এভাবে বললে মনে হতে পারে, সংবাদ পাঠক হিসেবে তরুণেরা কেবল ছাপা কাগজ কিংবা টেলিভিশন থেকে ডিজিটাল মাধ্যমে শিফট করেছে। বিষয়টা ঠিক এত সরল নয়। প্রথমত, তারা আর সংবাদের পেছনে ছোটে না। সংবাদই বরং মাঝেমধ্যে তাদের খুঁজে পায়। কোথায়? ওয়েবে কিছু খুঁজতে গিয়ে, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করতে করতে, হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সে, গেমিংয়ের ফাঁকে, এমনকি এআই চ্যাটবটের সঙ্গে সলাপরামর্শের বিভিন্ন পর্যায়ে। তারা খবর খুঁজতে যায় না, খবরের সঙ্গে অকস্মাৎ তাদের দেখা হয়ে যায়।

এটা বিরাট পরিবর্তন নিঃসন্দেহে। তথ্যের উৎস হিসেবে নিউজরুমের একচ্ছত্র কর্তৃত্ব এখন আর নেই। পাঠক আর নিউজরুমের মাঝখানে এসে হাজির হয়েছে হরেক রকমের ফেরিওয়ালা—ফেসবুক, টিকটক, ইউটিউব, গুগল ও এআই চ্যাটবট। পত্রিকার সংবাদ সরাসরি পড়ার চেয়ে চিরচেনা কোনো ইউটিউবারের মুখে তার তরজমা ও তাফসির শোনার আগ্রহ অনেক তরুণের বেশি।

এটা আর আন্দাজ করে বলার দরকার নেই। রয়টার্স ইনস্টিটিউটের ডিজিটাল নিউজ রিপোর্ট ২০২৬ জানাচ্ছে, ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের ৫২ শতাংশের প্রধান সংবাদ-উৎস এখন সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও প্ল্যাটফর্ম কিংবা এআই চ্যাটবট। প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের বাইরে স্বতন্ত্র কনটেন্ট ক্রিয়েটরদের প্রভাবও ক্রমবর্ধমান। সংবাদ এখন যতটা না পড়ার বিষয়, তার চেয়ে বেশি দেখার ও শোনার বিষয়।

বেতারের আমলেও সংবাদ শোনার বিষয় ছিল। এখন রেডিওর জায়গা অনেকখানি করে নিয়েছে পডকাস্ট। তবে পার্থক্য আছে। পডকাস্টার কেবল সংবাদ পরিবেশন করেন না; সংবাদ ব্যাখ্যা করেন, মূল্যায়ন করেন, কখনো তার রাজনৈতিক অর্থও নির্ধারণ করে দেন। পেছনে কোনো সংবাদপ্রতিষ্ঠান থাকা জরুরি নয়। ব্যক্তি নিজেই মিডিয়া। তার সমালোচনা কখনো বস্তুনিষ্ঠ, কখনো আবেগলিপ্ত, কখনো সরাসরি উসকানিমূলক। তবু তরুণদের কাছে এই ব্যক্তিনির্ভর পরিবেশনার আকর্ষণ প্রবল। তারা কেবল অবগত বা ইনফর্মড হতে চায় না, লিপ্ত বা এনগেজড হতেও চায়। তথ্যের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, আবেগ ও অংশগ্রহণের সুযোগ তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এভাবেই গড়ে উঠেছে নতুন এক তথ্য-বাস্তুজগৎ। স্মার্টফোন সেখানে সংবাদ প্রচারের হাতিয়ার, ফেসবুক পোস্ট রাজনৈতিক ভাবাদর্শ প্রচারের জায়গা, মিম প্রতিবাদের ভাষা। প্রযুক্তি যেমন আমাদের এই পথে টেনে এনেছে, তেমনি সাধারণভাবে গণমাধ্যমের আপসকামী চরিত্রও অনেক ক্ষেত্রে তার ‘ফোর্থ এস্টেট’-এর মর্যাদা ও জন–আস্থা ক্ষুণ্ন করেছে।

এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘ফিফথ এস্টেট’-এর ধারণা। উইলিয়াম ডাটন দেখিয়েছেন, কীভাবে ইন্টারনেট-সংযুক্ত নাগরিকেরা প্রচলিত ক্ষমতাকাঠামো এবং গণমাধ্যমের ওপর নতুন ধরনের নজরদারি ও প্রভাব বিস্তার করতে পারে। প্রথমে ব্লগ, পরে ফেসবুক, ইউটিউব, টিকটকসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যমে এর বিস্তার ঘটেছে। এখানে মানুষ শুধু তথ্য গ্রহণ করে না; তথ্য তৈরি, প্রচার, ব্যাখ্যা এবং সেই তথ্যকে কেন্দ্র করে সামাজিক-রাজনৈতিক আন্দোলনও সংগঠিত করে। ফিফথ এস্টেট তাই একাধারে বিকল্প তথ্যপরিসর, প্রচলিত গণমাধ্যমের সমালোচক এবং প্রতিবাদ-প্রতিরোধের সম্ভাব্য ক্ষেত্র।

কিন্তু ফিফথ এস্টেট মানেই নিরপেক্ষ কিংবা বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনা নয়; বরং অনেক সময় উল্টোটাই ঘটে। সাম্প্রদায়িক উসকানি, হত্যার প্ররোচনা কিংবা মব-সহিংসতার আহ্বানও এই পরিসরে ছড়িয়ে পড়ে। একজন সেলিব্রিটির ব্যক্তিগত পডকাস্ট স্টুডিওর প্রভাব কখনো বহু প্রতিষ্ঠিত গণমাধ্যমের চেয়েও বেশি হয়ে ওঠে। সেই প্রভাবের রাজনৈতিক ও অর্থনৈতিক ফায়দা নেওয়ার সুযোগও থাকে বিস্তর।

এ পর্যায়ে তথ্যের বাস্তুজগৎটা আরেকবার চিন্তা করা যাক। একসময় নিউজরুম থেকে তথ্য মোটামুটি সরাসরি পৌঁছাত পাঠকের দরবারে। এখন মাঝখানে দাঁড়িয়ে আছে বৈশ্বিক প্ল্যাটফর্ম। তাদের নিজস্ব অর্থনীতি, রাজনীতি, আচরণবিধি ও অ্যালগরিদম আছে। গণমাধ্যমকে এসব বিধি মেনেই সংবাদ বিলাতে হয়। বিনিময়ে কখনো অর্থ মেলে, কখনো পাঠকের মনোযোগ, কখনো কেবল দৃশ্যমানতা।

পাঠক আর নিউজরুমের মাঝখানে এসে হাজির হয়েছে হরেক রকমের ফেরিওয়ালা—ফেসবুক, টিকটক, ইউটিউব, গুগল ও এআই চ্যাটবট

আবার গণমাধ্যমের সংবাদের উৎসও ক্রমেই হয়ে উঠছে সামাজিক যোগাযোগমাধ্যম। একটি লাইভ ভিডিও, অডিও ক্লিপ কিংবা ফেসবুক পোস্ট থেকে তৈরি হচ্ছে সংবাদ। সেই সংবাদ পাঠকের কাছে পৌঁছাতেও ফিরে যেতে হচ্ছে একই প্ল্যাটফর্মে।

এ এক বিচিত্র নির্ভরশীলতা। সংবাদ তৈরির জন্য প্ল্যাটফর্ম, সংবাদ বিলানোর জন্যও প্ল্যাটফর্ম। এখানে যত লিপ্ততা, তত দৃশ্যমানতা; যত দৃশ্যমানতা, তত অর্থ উপার্জনের সম্ভাবনা। ফলে ভাইরালিটি হয়ে ওঠে সংবাদ নির্বাচনের অন্যতম মাপকাঠি। স্বতন্ত্র কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্যও প্রায় একই। এভাবে তথ্যের গেটকিপিং নিউজরুমের সম্পাদকীয় নীতি থেকে অনেকখানি সরে গিয়ে আটকা পড়েছে বৈশ্বিক প্ল্যাটফর্মের অ্যালগরিদমে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এসে এই ব্যবস্থায় আরেকটি স্তর যুক্ত করেছে। গুগলের এআই ওভারভিউর কথাই ধরুন। তথ্যের উৎসের লিংক দেখানোর পাশাপাশি গুগল এখন অনেক অনুসন্ধানের জবাব নিজেই তৈরি করে দেয়। ফলে ব্যবহারকারীর আর মূল ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন পড়ে না। একইভাবে এআই চ্যাটবট বিভিন্ন উৎসের তথ্য সমন্বয় করে একটি সাজানো জবাব হাজির করে। পাঠক পেয়ে যায় তথ্যের সারাংশ, অথচ যে সাংবাদিক তথ্যটি সংগ্রহ করেছেন, তাঁর প্রতিবেদনটি হয়তো আর পড়াই হয় না।

রয়টার্স ইনস্টিটিউটের ২০২৬ সালের সমীক্ষায় দেখা যাচ্ছে, সংবাদ জানতে এআই চ্যাটবট ব্যবহার করেন ১০ শতাংশ উত্তরদাতা; ৩৫ বছরের কম বয়সীদের মধ্যে হারটি ১৬ শতাংশ। সংখ্যাটি এখনো খুব বড় নয়; কিন্তু প্রবণতাটি গুরুত্বপূর্ণ। কারণ, এখানে শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম বদলাচ্ছে না, বদলে যাচ্ছে তথ্যের সঙ্গে মানুষের সম্পর্ক।

তরুণদের তথ্যপ্রাপ্তির অন্তত চারটি প্রধান ধরন এখন লক্ষ করা যায়।

প্রথমটি আকস্মিক। টিকটক কিংবা ইনস্টাগ্রাম রিলের অন্তহীন স্রোতে হঠাৎ একটি রাজনৈতিক ভিডিও হাজির হয়। ব্যবহারকারী সেটি খুঁজছিল না। কিন্তু তার পূর্ববর্তী আচরণ, আগ্রহ ও প্রতিক্রিয়া বিশ্লেষণ করে অ্যালগরিদম অনুমান করেছে, ভিডিওটি তার ভালো লাগতে পারে। আমাদের অবচেতন আগ্রহের খোঁজ রাখে প্ল্যাটফর্মের এই নিজস্ব গোয়েন্দাব্যবস্থা।

দ্বিতীয়টি ব্যক্তিনির্ভর। ইউটিউবার, ইনফ্লুয়েন্সার ও পডকাস্টাররা তথ্যের সঙ্গে তার তাফসিরও পরিবেশন করেন। কোন ঘটনাকে কীভাবে বুঝতে হবে, কার ওপর ক্ষুব্ধ হতে হবে, কাকে সমর্থন করতে হবে—সেসবেরও নির্দেশনা থাকে। পুরো আয়োজনটি অনেক সময় বিনোদনের মোড়কে হাজির হয়।

তৃতীয়টি আলাপচারিতামূলক। এআইকে প্রশ্ন করলেই সে বিভিন্ন উৎসের তথ্য সমন্বয় করে জবাব দেয়। প্রয়োজনে পাল্টা প্রশ্ন করা যায়। তথ্য অনুসন্ধান এখানে ক্রমেই কথোপকথনের রূপ নিচ্ছে।

চতুর্থটি ব্যক্তিগত ও গোষ্ঠীগত। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ডিসকর্ড কিংবা টেলিগ্রামের বন্ধ পরিসরে বিপুল তথ্যের হাতবদল ঘটে। একই সংবাদ বিভিন্ন গোষ্ঠীতে ভিন্ন ব্যঞ্জনা পায়। প্রকাশ্য বিতর্কের বাইরেও এভাবে চলতে থাকে তথ্যের সামষ্টিক তাফসির।

এই ডামাডোলে সাংবাদিকতার সামনে দুটি বড় পরিবর্তন হাজির হয়েছে।

আমরা অ্যাটেনশন ইকোনমি থেকে ক্রমেই একধরনের ইকোনমি অব অ্যানসারের দিকে এগোচ্ছি। প্ল্যাটফর্ম-জমানায় প্রতিযোগিতা ছিল কে কত মনোযোগ আকর্ষণ করতে পারে। এআই-জমানায় প্রতিযোগিতা হচ্ছে কে ব্যবহারকারীর প্রশ্নের সবচেয়ে দ্রুত, সহজ ও গ্রহণযোগ্য জবাব দিতে পারে

প্রথমত, সাংবাদিকেরা আর সব সময় তথ্যের প্রাথমিক জোগানদাতা নন। প্রত্যক্ষদর্শী, সাধারণ নাগরিক কিংবা সামাজিক মাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর অনেক ঘটনার প্রথম বিবরণ হাজির করেন। সাংবাদিকতার কাজ তখন শুধু তথ্য সংগ্রহ নয়; তার সত্যতা, প্রেক্ষাপট ও তাৎপর্য যাচাই করা।

দ্বিতীয় পরিবর্তনটি আরও গভীর। আমরা অ্যাটেনশন ইকোনমি থেকে ক্রমেই এক ধরনের ইকোনমি অব অ্যানসারের দিকে এগোচ্ছি। প্ল্যাটফর্ম-জমানায় প্রতিযোগিতা ছিল কে কত মনোযোগ আকর্ষণ করতে পারে। এআই-জমানায় প্রতিযোগিতা হচ্ছে কে ব্যবহারকারীর প্রশ্নের সবচেয়ে দ্রুত, সহজ ও গ্রহণযোগ্য জবাব দিতে পারে।

মনোযোগের অর্থনীতি অবশ্য বিলুপ্ত হচ্ছে না; বরং তার ওপর চেপে বসছে জবাবের অর্থনীতি। যে প্রতিষ্ঠান তথ্য তৈরি করছে, তার চেয়ে বেশি ক্ষমতাবান হয়ে উঠতে পারে যে প্রযুক্তি সেই তথ্যের জবাব তৈরি করে দিচ্ছে।

তাহলে আগামী দিনের সাংবাদিকতার হাতে তুরুপের তাস কী?

প্রথম কথা, এআই সহজলভ্য হয়েছে; কিন্তু অবিসংবাদিত আস্থার জায়গা হয়ে ওঠেনি। তার হ্যালুসিনেশন আছে, ভুল তথ্য আছে, বানোয়াট সূত্র আছে। সাংবাদিকতা যদি এআইয়ের সঙ্গে সহজলভ্যতা ও গতির অসম প্রতিযোগিতায় নামে, ক্লিকবেইট দিয়ে পাঠক টানতে চায়, তাহলে নিজের মৃত্যুই ডেকে আনবে। বেঁচে থাকতে হলে আগামী দিনের সাংবাদিকতাকে কঠিনের আরাধনা করতে হবে। তার তুরুপের তাস গতি নয়, প্রাইমারি এভিডেন্স। প্রত্যক্ষ অনুসন্ধান, যাচাইযোগ্য প্রমাণ, মাঠের অভিজ্ঞতা, ক্ষমতার জবাবদিহি। যে তথ্য অন্য কেউ সংগ্রহ করেনি, যে প্রশ্ন কেউ করেনি, যে সত্য ক্ষমতাবানেরা আড়াল করতে চায়—সাংবাদিকতাকে সেখানেই ফিরে যেতে হবে।

আরেকটি দায়িত্বও আছে। তথ্যের বস্তুগত গুরুত্ব আর তার দৃশ্যমানতা এক জিনিস নয়। কোন তথ্য আমরা দেখব, কোনটি অদৃশ্য থাকবে, তা ক্রমেই নির্ধারণ করছে প্ল্যাটফর্ম ও অ্যালগরিদম। ফলে জ্ঞান ও তথ্যের জগতে নতুন ধরনের অসমতা তৈরি হচ্ছে। মিরান্ডা ফ্রিকারের ‘এপিস্টেমিক ইনজাস্টিস’-এর ধারণা সম্প্রসারিত করে এই অবস্থা বোঝা যায়—কার জ্ঞান বিশ্বাসযোগ্য বলে গণ্য হবে, কার অভিজ্ঞতা গুরুত্ব পাবে, আর কার কথা শোনার সুযোগই তৈরি হবে না?

তথ্যের বস্তুগত গুরুত্ব আর তার দৃশ্যমানতা এক জিনিস নয়। কোন তথ্য আমরা দেখব, কোনটি অদৃশ্য থাকবে, তা ক্রমেই নির্ধারণ করছে প্ল্যাটফর্ম ও অ্যালগরিদম।

আগামী দিনের সাংবাদিকতার দায়িত্ব শুধু সত্য তথ্য সরবরাহ করা নয়; তথ্যের এই অসম দৃশ্যমানতার বিরুদ্ধেও দাঁড়ানো। কারণ, তরুণেরা এখন আর শুধু খবর পড়ে না। খবর তাদের ওপরে পড়ে। কে সেই খবর ফেলছে, কেন ফেলছে, কোন খবরটি আড়াল করছে—এসব জানার অধিকারও তাদের আছে।

সাংবাদিকতার ভবিষ্যৎ তাই তরুণদের আরও বেশি খবর খাওয়ানোর মধ্যে নয়। বরং এমন একটি দরজা খুলে দেওয়ার মধ্যে, যার ভেতর দিয়ে তারা অ্যালগরিদমের নাগপাশ ছিন্ন করে নিজের দেখনদারি নিজেই সাব্যস্ত করতে পারে।

* সুমন রহমান: কবি; গল্পকার; শিক্ষক, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।