ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলায় দেশজুড়ে ৮ লাখ ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চল।
ইউক্রেনের জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকে জানিয়েছে, রুশ বাহিনী ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে। এতে পাভলোহরাদ, সামার, কামিয়ানস্কে ও দিনিপ্রো এলাকায় ৬ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন। পরে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, উত্তর-পূর্বের খারকিভ ও উত্তর-পশ্চিমের জিতোমির অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। জিতোমিরে হামলার পর ১৪০টি অ্যাপার্টমেন্ট ভবনে বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। খারকিভ অঞ্চলে প্রায় আড়াই লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়লেও পরে সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।
শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বাড়িয়েছে রাশিয়া। জেলেনস্কির দাবি, গত এক সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেনে ১১৫টি ক্ষেপণাস্ত্র, প্রায় ১ হাজার ৯০০টি নিয়ন্ত্রিত বোমা এবং ৩ হাজারের বেশি আক্রমণকারী ড্রোন ছুড়েছে।
এদিকে, রোববার সকালে জাপোরিঝঝিয়া অঞ্চলের কোমিশুভাখায় আগের হামলার স্থানে আবারও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে সোমবারের বোমা হামলায় অন্তত ৫৫ জন নিহত হওয়ার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছিলেন। জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন।
ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, উদ্ধারকর্মীদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হলেও এতে কেউ আহত হননি।
রোববার দিনিপ্রো শহরের একটি আবাসিক এলাকাতেও হামলা চালানো হয়। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। একটি বাড়ি ধ্বংস হয়েছে এবং আরও মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
জেলেনস্কির অভিযোগ, আবুধাবিতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য ত্রিপক্ষীয় আলোচনার আগে ইউক্রেনের ওপর চাপ বাড়াতেই মস্কো হামলা জোরদার করেছে।
সূত্র: ইউরোনিউজ, এপি
সূত্র: কালবেলা