গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০৭:০৯ এএম

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের সবাই মায়ানমারের রোহিঙ্গা বংশোদ্ভূত বলে দাবি করেছেন কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকার কয়েকজন বাসিন্দা। তবে তাদের জাতীয়তা, পারিবারিক পরিচয় ও বাংলাদেশে স্থায়ী ঠিকানা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে পারেনি সংশ্লিষ্ট প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের অনেকের জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। তাদের মধ্যে জিয়াউর রহমান নামে এক ব্যক্তি নব্বইয়ের দশকে বাংলাদেশ থেকে প্রথমে পাকিস্তান এবং পরে সৌদি আরবে পাড়ি জমান। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে দেশটিতে বসবাস করছিলেন।

স্থানীয় কয়েকজনের দাবি, নিহত ব্যক্তিরা রোহিঙ্গা বংশোদ্ভূত হওয়ায় বাংলাদেশে অবস্থানরত তাদের স্বজনেরা পরিচয় প্রকাশে অনীহা দেখাচ্ছেন। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়েছে। তবে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহতদের বাড়ি কক্সবাজারের চকরিয়ায় বলে প্রাথমিকভাবে খবর ছড়িয়ে পড়লেও প্রকৃত ঠিকানা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি স্থানীয় প্রশাসন ও পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সৌদি আরবে নিহতদের বাড়ি চকরিয়ায় বলে খবর পাওয়ার পর স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে কেউ তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা দূতাবাস থেকেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, সৌদি আরবে ৮ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহত ব্যক্তিরা চকরিয়ার বাসিন্দা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে মন্ত্রণালয় থেকেও কোনো তথ্য জানানো হয়নি।

কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান বলেন, নিহত ব্যক্তিরা চকরিয়ার বাসিন্দা কি না; তা নিশ্চিত হতে বিভিন্নভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে সৌদি আরবের আল-হিমনা এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেটের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তিনটি পরিবারের ১৩ সদস্য একটি ব্যক্তিগত গাড়িতে করে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে প্রথমে ৭ জনের মৃত্যু হয়। আহত হন আরও ছয়জন। 

পরে মদিনায় আল-হিমনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় আটজনে। শনিবার দুপুরে জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সাংবাদিকদের দুর্ঘটনার বিষয়টি জানান।

দুর্ঘটনায় নিহতদের তালিকায় রয়েছেন আল আবীর কোল্ড স্টোরের স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ইয়াছের ও ইয়াজের এবং দুই মেয়ে বুশরাহ ও ইশরাহ। একই প্রতিষ্ঠানের ফর্কলিফটচালক মোহাম্মদ ইলিয়াসের স্ত্রী মুন্নীও নিহত হয়েছেন। এ ছাড়া নিহতদের তালিকায় রয়েছেন সানজিদা আক্তার ও তার দুই মাস বয়সী কন্যাশিশু।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।