মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহারের জন্য অনেক সময় পর্যাপ্ত ব্যালেন্স থাকে না। জরুরি প্রয়োজনে তখন মোবাইল অপারেটরগুলোর কাছ থেকে ইমার্জেন্সি ব্যালেন্স বা জরুরি ঋণ নিয়ে থাকেন গ্রাহকরা। পরে রিচার্জ করলে নির্ধারিত অর্থের সঙ্গে অতিরিক্ত টাকাও কেটে নেওয়া হয়। এ ক্ষেত্রে প্রশ্ন ওঠে, অতিরিক্ত অর্থ পরিশোধের শর্তে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া কি ইসলামের দৃষ্টিতে সুদ হিসেবে গণ্য হবে, নাকি তা বৈধ?
ইসলামী মাসআলা-মাসায়েলবিষয়ক ওয়েব পোর্টাল মুসলিম বাংলায় এ বিষয়ে ফতোয়া দিয়েছেন মুফতি সাইদুজ্জামান কাসেমি।
ফতোয়ায় বলা হয়েছে, মোবাইল অপারেটরগুলো গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়ে সেবা প্রদান করে। সিম কার্ডে যে ব্যালেন্স দেখানো হয়, তা প্রকৃত অর্থে নগদ টাকা নয়; বরং ওই অর্থের বিপরীতে নির্ধারিত সেবার পরিমাণ। ফলে গ্রাহক চাইলেই সিমে থাকা ব্যালেন্স নগদ টাকা হিসেবে উত্তোলন করতে পারেন না।
একইভাবে মোবাইল অপারেটরগুলো যে ইমার্জেন্সি ব্যালেন্স বা জরুরি ঋণ দিয়ে থাকে, সেটিও মূলত নগদ অর্থ নয়; বরং সেবা। এ কারণে অপারেটরগুলো গ্রাহকদের অর্থের বিনিময়ে অর্থ না দিয়ে সেবা দিয়ে থাকে। তাই সেবার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়াকে অর্থের বিনিময়ে অতিরিক্ত অর্থ গ্রহণ হিসেবে গণ্য করা হবে না। ফলে এ ধরনের ইমার্জেন্সি ব্যালেন্স গ্রহণে শরিয়তের দৃষ্টিতে বাধা নেই এবং তা সুদের অন্তর্ভুক্ত হবে না।
সূত্র: নতুন আরএসএস সোর্স