|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

খেলতে এসেই দলকে ফাইনালে নিলেন সাবিনা, শেষ লড়াইয়ে ফরহাদের সামনে কলসিন্দুর

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ এএম
৩৫২ পঠিত
খেলতে এসেই দলকে ফাইনালে নিলেন সাবিনা, শেষ লড়াইয়ে ফরহাদের সামনে কলসিন্দুর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
র্নামেন্টের প্রথম সেমিফাইনালে খেলতে নেমেই টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমিকে ফাইনালে নিয়ে গেলেন সাবিনা।

‘এলাম, দেখলাম, জয় করলাম’—পুরোনো কথাটিই মনে করিয়ে দিলেন দুবারের সাফজয়ী বাংলাদেশে নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন।

টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে খেলেননি। তবে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খেলতে নেমেই টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমিকে ফাইনালে নিয়ে গেলেন সাবিনা। আর দিনের দ্বিতীয় সেমিফাইনালে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠে এসেছে ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি। আগামীকাল বেলা দুইটায় প্রথম আলো-স্টার নিউজ নরী ফুটবলের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে টাঙ্গাইলের ফরহাদ একাডেমি ও ময়মনসিংহের কলসিন্দুর।

আজ সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে প্রথম সেমিফাইনালে শক্তিশালী রাঙামাটির সুইহলামং ফুটবল একাডেমির মুখোমুখি হয় টুর্নামেন্টের হট ফেবারিট টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি। কৃষ্ণা রানী সরকার, মাছুরা পারভীন, নিলুফা ইয়াসমিন, মার্জিয়া ও মাতসুশিমা সুমাইয়ার মতো সাফজয়ী তারকাদের নিয়ে টাঙ্গাইলের দলটি ছিল এমনিতেই শক্তিশালী। এর ওপর সেমিফাইনালে যোগ দিয়ে মূল আকর্ষণ হয়ে ওঠেন সাবিনা খাতুন।

সাবিনাকে আটকানোর চেষ্টায় সুইহলামং ফুটবল একাডেমির খেলোয়াড়

শুরু থেকেই মাঝমাঠের নিখুঁত নিয়ন্ত্রণ ও দারুণ বল সরবরাহ করেন সাবিনা। ৭০ মিনিটের ম্যাচে ৬৫ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত—মাতসুশিমা সুমাইয়ার নিখুঁত ক্রস থেকে দারুণ হেডে বল জালে জড়ান সাবিনা। সাবিনার একমাত্র গোলেই ফাইনালে পৌঁছায় টাঙ্গাইলের দলটি। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই জয়সূচক গোল করে ম্যাচ সেরার পুরস্কারও ওঠে সাবিনার হাতে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাবিনা ছিলেন দারুণ উচ্ছ্বসিত, ‘এই টুর্নামেন্ট বাংলাদেশের নারী ফুটবলের জন্য খুবই ভালো একটা উদ্যোগ এবং নতুনদের জন্য দারুণ সুযোগ। কৃষ্ণা, মাছুরাসহ অন্যরা আমাদের দলকে সেমিফাইনাল পর্যন্ত টেনে এনেছে, আজ আমি খেলেছি। সতীর্থদের জন্য এটি নিশ্চিতভাবেই অনুপ্রেরণাদায়ক। প্রতিপক্ষ সুইহলামংও খুব ভালো খেলেছে। আশা করি ফাইনাল ম্যাচটিও চমৎকার হবে।’

ফাইনালে ওঠার উচ্ছ্বাস মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমির খেলোয়াড়েরা

অন্যদিকে তারকাদের সামনে লড়েও বিদায় নিতে হয়েছে রাঙামাটির সুইহলামং ফুটবল একাডেমিকে। জাতীয় স্তরের দুই উঠতি তারকা উমেহ্লা মারমা ও মামনি চাকমাকে নিয়ে গঠিত সুইহলামংয়ের আক্রমণভাগ ভালো সুযোগ তৈরি করলেও গোল করতে না পারায় শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়ে রাঙামাটির দলটি।

উমহ্লা আর মামনি দুজনই গোলের কাছাকাছি পৌঁছেছিলেন। একবার উমেহ্লার শট গোললাইন থেকে বাঁচিয়ে দেন প্রতিপক্ষ ডিফেন্ডার। শেষ পর্যন্ত টুর্নামেন্টের গত ৪ ম্যাচে ম্যাচে ২টি হ্যাটট্রিকসহ ৮ গোল করা উমেহ্লার কাছে যেমন দিনটা যেমন কষ্টের ছিল, তেমনি ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন মামনি চাকমাও।

ফাইনালে ওঠার আনন্দে মাতোয়ারা ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমির খেলোয়াড়েরা

দিনের দ্বিতীয় সেমিফাইনালেও ছিল নাটকীয়তা। ২২ মিনিটে খুলনার তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমিকে এগিয়ে নেনন মিম। কিন্তু সেই গোল তারা ধরে রাখতে পারেনি।

এই টুর্নামেন্টে এর আগে একাধিক ম্যাচে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নেওয়া কলসিন্দুর আজও পিছিয়ে থেকে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে। ৪৫ মিনিটে রাইসা জাহান ও ৪৮ মিনিটে আকলিমা আক্তারের গোলে তারা ২-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠে যায়। দলের প্রথম গোলটি করে ম্যাচসেরার পুরস্কার পান রাইসা জাহান।

ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জাতীয় নারী ফুটবল দলের স্ট্রাইকার তহুরা খাতুন

রাইসার হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জাতীয় নারী ফুটবল দলের স্ট্রাইকার ময়মনসিংহের কলসিন্দুরের মেয়ে তহুরা খাতুন। তিনি তাঁর একাডেমির খেলা দেলতে এসেছিলেন। পুরস্কার বিররণী অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের নারী ফুটবলে সাফজয়ী তিন কোচ গোলাম রব্বানী, মাহবুবুর রহমান ও মাহমুদা আক্তার। ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহ–উপাচার্য অধ্যাপক মাসুম ইকবাল।

পরশু ৩১ অক্টোবর বেলা ২টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে ফাইনালে মুখোমুখি হবে মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি ও কলসিন্দুর ফুটবল একাডেমি।

সূত্র: প্রথম আলো