|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ পিএম
৩৭১ পঠিত
১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী রোববার (১ নভেম্বর) থেকে মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি শিল্পকারখানা সচল রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, শ্রমিক নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।...

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী রোববার (১ নভেম্বর) থেকে মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি শিল্পকারখানা সচল রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, শ্রমিক নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাদের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নে কাজ করবে সরকার।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে পোশাকশ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী বলেন, ‘আপনাদের মাধ্যমে আমি আমার সব শ্রমিক ভাই ও বোনদের প্রতি আহ্বান জানাব। আপনাদের নেতাদের সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ আলাপ হয়েছে। রোববার সকাল থেকে এর কার্যক্রম শুরু হবে।’

শ্রমিক নেতাদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে তিনি বলেন, ‘তাদের দেওয়া বক্তব্যগুলোর বিষয়ে অবশ্যই আমাদের কিছু করণীয় আছে। তারা যা যা বলেছেন, তা নিয়ে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটা একটা করে আমরা কাজ করব। আমাদের যেমন শিল্পকারখানা রক্ষা করতে হবে, পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়াগুলোও আদায় করতে হবে।’

বর্তমান সরকারের সময়ে শ্রমিকদের মজুরি পরিশোধের বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা দেখেছেন, এই সরকার ক্ষমতায় আসার পরে দুটি ঈদসহ বিভিন্ন পর্বে আমরা শ্রমিকদের মজুরি দিতে সক্ষম হয়েছি।’

মজুরি বোর্ড গঠনের কার্যক্রম দ্রুত শুরু করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমি আশা করি, আগামী দু-এক দিনের মধ্যেই, মানে রোববার থেকে শ্রমিক ভাইদের কাঙ্ক্ষিত যেটা, সেটা নিয়ে কার্যক্রম শুরু হবে।’

এদিকে শ্রমিক আন্দোলনে বাইরের কারও উসকানি রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আপনারা আমার থেকে একটু ভালো জানেন। আপনারাই দেখছেন ফেসবুকে, মিডিয়ার মাধ্যমে কারা উসকানি দিচ্ছে? কারা শ্রমিক না হয়েও বাইরে থেকে এসে... যাই হোক, আমার মনে হয়।’

শ্রমিকদের প্রতি সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘সাধারণ শ্রমিকরা রোববার থেকে বুঝবেন, তাদের পক্ষে সরকার কতটুকু আন্তরিক। সাধারণ শ্রমিকদের আর ভোলানো যাবে না। কারণ, তারা আন্দোলন-বিপ্লবের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, এগুলো আগামী রোববারের পর থেকে দেখুন।’

সূত্র: কালবেলা