|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আরব-ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার বিদেশে আলজেরিয়ার সেনা মোতায়েন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ১০:০৩ এএম
২৮৯ পঠিত
আরব-ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার বিদেশে আলজেরিয়ার সেনা মোতায়েন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে প্রথমবারের মতো সেনা মোতায়েন করেছে আলজেরিয়া। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইউরেনিয়াম খনির শহর আরলিতে আলজেরীয় সেনাবাহিনীর একটি বহর পৌঁছেছে। নাইজারসহ সাহেল অঞ্চলের বিভিন্ন দেশে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বাড়তে থাকায় এ পদক্ষেপ ন...
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে প্রথমবারের মতো সেনা মোতায়েন করেছে আলজেরিয়া। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইউরেনিয়াম খনির শহর আরলিতে আলজেরীয় সেনাবাহিনীর একটি বহর পৌঁছেছে। নাইজারসহ সাহেল অঞ্চলের বিভিন্ন দেশে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বাড়তে থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে ১০ জন ব্যক্তি জানিয়েছেন, আলজেরিয়ার প্রথম সামরিক বহরটি ইতোমধ্যে আরলিতে পৌঁছেছে। ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় মিসরকে সহায়তা করতে সেনা পাঠানোর পর এটিই আলজেরিয়ার প্রথম বিদেশে সেনা মোতায়েনের ঘটনা। নাইজারের সঙ্গে আলজেরিয়ার দীর্ঘ সীমান্ত রয়েছে। ঐতিহ্যগতভাবে সাহেল-সাহারা অঞ্চলের স্থিতিশীলতাকে নিজেদের আঞ্চলিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে আলজেরিয়া। তবে দেশটির এই সামরিক উদ্যোগের পেছনে জ্বালানি ও অর্থনৈতিক স্বার্থও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নাইজারে আলজেরিয়ার রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি সোনাত্রাকের বিনিয়োগ রয়েছে। পাশাপাশি নাইজার ও নাইজেরিয়ার সঙ্গে যৌথভাবে ট্রান্স-সাহারান গ্যাস পাইপলাইন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে দেশটির। এই পাইপলাইনের মাধ্যমে আফ্রিকার গ্যাস ইউরোপসহ আন্তর্জাতিক বাজারে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আলজেরিয়া জানিয়েছে, নিজেদের জ্বালানি ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কতসংখ্যক সেনা পাঠানো হচ্ছে কিংবা তাদের পৌঁছানোর সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানায়নি দেশটি। ইউরেনিয়াম, তেল ও স্বর্ণের মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নাইজার ২০২৩ সালের জুলাইয়ে সামরিক অভ্যুত্থানের পর থেকে সেনা কর্মকর্তাদের শাসনে রয়েছে। ওই অভ্যুত্থানে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ক্ষমতাচ্যুত হন। শুরুতে অভ্যুত্থানের বিরোধিতা করেছিল আলজেরিয়া। তবে সাম্প্রতিক সেনা মোতায়েনের ঘটনা আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স ও নাইজারের রাজধানী নিয়ামির মধ্যে সম্পর্কের উন্নতির ইঙ্গিত দিচ্ছে। গত বছর সীমান্তের কাছে মালির একটি ড্রোন ভূপাতিত করার অভিযোগে আলজেরিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নাইজার। ওই ঘটনার পর আলজেরিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় দেশটি। ফলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। সূত্র: রয়টার্স 

সূত্র: নতুন আরএসএস সোর্স