যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচের পর গোলাগুলি, প্রাণ গেল একজনের
গণমাধ্যম ডেক্স
কেবলমাত্র শেষ হলো ম্যাচ। কিন্তু কে জানত সন্ধ্যার চিত্রনাট্যে রক্ত বইবে! এমনই ঘটনা ঘটেছে আমেরিকার আলাবামা প্রদেশের বার্মিংহামে এক ফুটবল ম্যাচের পর। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭.৫০ মিনিটে লেজিয়ন ফিল্ডের কাছে ঘটনাটি ঘটে। ম্যাজিক সিটি ক্ল্যাসিক ফুটবল ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই গোলাগুলির ঘটনা ঘটে। আর এই ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত আরও ৮ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। সিএনএন-এর প্রতিবেদন।
বার্মিংহাম পুলিশ জানায়, গ্রেমন্ট অ্যাভিনিউয়ের ৪০০ ব্লকের কাছে গুলিচালনার ঘটনা ঘটেছে। আর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্য ও গোয়েন্দারা। ভাইরাল হওয়া এক ভিডিওতে এক পুলিশকর্তাকে বলতে শোনা যায়, ‘ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুলিবিদ্ধ একাধিক মানুষকে দেখতে পায়। এর পর এলাকা সুরক্ষিত করে বার্মিংহাম ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কর্মীদের আহতদের কাছে পৌঁছনোর ব্যবস্থা করা হয়।’
সেখানে আরও জানানো হয়, মোট ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে অন্তত একজনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা সংকটজনক। বাকি ৭ জন স্থিতিশীল রয়েছেন। ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। যা পুলিশের অস্ত্রাগারে জমা রাখা হয়েছে।
ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বার্মিংহাম থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানানো হয়। তবে গুলিচালনার নেপথ্যে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে। প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনার ভিডিও ফুটেজ থাকলে তা পুলিশের হাতে তুলে দেওয়ার আবেদন জানানো হয়েছে। ঘটনার পরেই ম্যাজিক সিটি ক্লাসিক উপলক্ষে লেজিয়ন ফিল্ডে চলা সমস্ত টেলগেটিং (ম্যাচের আগে মাঠের বাইরে সমর্থকদের জমায়েত ও উৎসব) বন্ধ করে দেয় পুলিশ। মাঠ চত্বর দ্রুত খালি করার নির্দেশ দেওয়া হয়। সেইসঙ্গে সাধারণ মানুষকে এই এলাকায় না আসার অনুরোধ জানানো হয়। বার্মিংহাম পুলিশ বিভাগের পক্ষে ফেসবুকে লেখা হয়, ‘ম্যাজিক সিটি ক্লাসিকের সমস্ত টেলগেটিং বন্ধ করে দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব সবাইকে স্টেডিয়াম চত্বর ছেড়ে চলে যেতে হবে। আপাতত কেউ লেজিয়ন ফিল্ডে আসবেন না। পরিস্থিতি সম্পর্কে পরবর্তী তথ্য দ্রুত জানানো হবে।’
লেজিয়ন ফিল্ডের আশপাশে গুলিচালনার ঘটনা এই প্রথম নয়। এর আগেও ম্যাজিক সিটি ক্লাসিকের সপ্তাহান্তে ওই এলাকায় গুলি চলেছে। ২০১৪ সালে ম্যাচের পর গ্রেমন্ট অ্যাভিনিউ ও সেন্টার স্ট্রিটের কাছে একটি গাড়ি পার্কিংয়ের জায়গায় একজন গুলিবিদ্ধ হয়েছিলেন। যদিও ভাগ্যের জোরে প্রাণে বেঁচেছিলেন তিনি।
২০২৪ সালের ২৫ অক্টোবরও, অর্থাৎ সে বছরের ম্যাচের ঠিক আগের দিন, লেজিয়ন ফিল্ডের কাছে দু’টি পৃথক গুলিচালনার ঘটনায় তদন্তে নেমেছিল বার্মিংহাম পুলিশ। মাত্র এক ঘণ্টার ব্যবধানে ঘটেছিল দু’টি ঘটনা। ফলে এবারের গুলিচালনার পর ফের প্রশ্নের মুখে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা। প্রসঙ্গত, ম্যাজিক সিটি ক্লাসিক আমেরিকার বৃহত্তম ঐতিহাসিক কৃষ্ণাঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের (HBCU) ফুটবল ম্যাচ। বার্ষিক ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল এএন্ডএম ইউনিভার্সিটি এবং অ্যালাবামা স্টেট ইউনিভার্সিটি।
তথ্যসূত্র : সিএনএন
সূত্র: নতুন আরএসএস সোর্স