|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এক সপ্তাহের নোটিশে শিক্ষার্থী উচ্ছেদ অমানবিক, ১ মাস সময় চায় জাতীয় ছাত্রসভা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১০:১৫ পিএম
২৬৩ পঠিত
এক সপ্তাহের নোটিশে শিক্ষার্থী উচ্ছেদ অমানবিক, ১ মাস সময় চায় জাতীয় ছাত্রসভা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসনসংকটের মধ্যে আজিমপুর সরকারি কলোনি থেকে সাবলেট ও ভাড়াটে শিক্ষার্থীদের উচ্ছেদে এক সপ্তাহের নোটিশ দেওয়াকে অমানবিক আখ্যা দিয়েছে জাতীয় ছাত্রসভা। শিক্ষার্থীদের বাসা ছাড়তে অন্তত এক মাস সময় দেওয়া, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আবাসনসংকট নিরসনে দ্রুত হল নির্মাণের কাজ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসনসংকটের মধ্যে আজিমপুর সরকারি কলোনি থেকে সাবলেট ও ভাড়াটে শিক্ষার্থীদের উচ্ছেদে এক সপ্তাহের নোটিশ দেওয়াকে অমানবিক আখ্যা দিয়েছে জাতীয় ছাত্রসভা। শিক্ষার্থীদের বাসা ছাড়তে অন্তত এক মাস সময় দেওয়া, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আবাসনসংকট নিরসনে দ্রুত হল নির্মাণের কাজ শুরুর দাবি জানিয়েছে সংগঠনটি। রোববার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় জাতীয় ছাত্রসভা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি সংগঠনের সংগঠক রেজওয়ান আহমেদ রিফাত বক্তব্য দেন। রিফাত বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী আবাসনসংকটের কারণে ক্যাম্পাস-সংলগ্ন বিভিন্ন এলাকায় সাবলেট নিয়ে থাকতে বাধ্য হন। বিশেষ করে নবীন ও নারী শিক্ষার্থীদের জন্য হলের আসন না পাওয়ায় বিকল্প আবাসনের ওপর নির্ভর করা ছাড়া উপায় থাকে না। এমন পরিস্থিতিতে মাত্র এক সপ্তাহের নোটিশে আজিমপুর সরকারি কলোনি থেকে শিক্ষার্থীদের উচ্ছেদের সিদ্ধান্ত তাদের চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।’ সংগঠনটির নেতারা বলেন, দীর্ঘ পূজার ছুটি শেষে ১ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। এমন সময়ে আবাসন হারিয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য স্বল্প সময়ের মধ্যে নিরাপদ বাসস্থান খুঁজে পাওয়া কঠিন। ফলে বিষয়টি শুধু আবাসনসংকট নয়, বরং শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও শিক্ষার অধিকারের সঙ্গেও জড়িত। সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রসভা তিন দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে, মানবিক বিবেচনায় শিক্ষার্থীদের বাসা ছাড়তে অন্তত এক মাস সময় দেওয়া এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে নারী শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি, চাপ প্রয়োগ বা জোরপূর্বক উচ্ছেদ না করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি আবাসনসংকটের স্থায়ী সমাধানে প্রস্তাবিত হল নির্মাণের কাজ দ্রুততম সময়ে শুরু করার আহ্বান জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে এই সংকটের দায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়িয়ে যেতে পারে না। সংকট নিরসনে প্রশাসনকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। এ সময় জাতীয় ছাত্রসভা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক রেজওয়ান আহমেদ রিফাত, আনিকা তাহসিনা, শিমু আক্তার, রাজেদুল ইসলাম শুভ, মাশরুক ইসলাম ও মোহাম্মদ ইকবাল উপস্থিত ছিলেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স