|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডে আছেন যারা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৭:৫৮ এএম
১৭৫ পঠিত
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডে আছেন যারা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন পাঁচটি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও একজন নিরপেক্ষ সদস্য। রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর মধ্য দিয়ে পোশাকশ্রমিকদের ন...
পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন পাঁচটি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও একজন নিরপেক্ষ সদস্য। রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর মধ্য দিয়ে পোশাকশ্রমিকদের নতুন বেতনকাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু হলো। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান। মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে দায়িত্ব পালন করবেন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার। এ ছাড়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুবকে মালিকপক্ষের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আরিফ। তিনি বলেন, শ্রম আইন অনুযায়ী ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। রোববার থেকেই বোর্ডের কার্যক্রম শুরু হবে। মন্ত্রী জানান, দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এ সময় শ্রমিকদের রাজপথের আন্দোলন ছেড়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বিজিএমইএ ও বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। বৈঠক শেষে পরদিন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছিলেন তিনি। ওই দিন শ্রমিক নেতাদের উত্থাপিত দাবির বিষয়ে মন্ত্রী বলেন, তাদের বক্তব্য ও দাবিগুলো নিয়ে আলোচনার ভিত্তিতে পর্যায়ক্রমে কাজ করা হবে। শিল্পকারখানা রক্ষার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া পূরণেও সরকার কাজ করবে বলে জানান তিনি। উল্লেখ্য, গত কয়েক দিন ধরে মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় এই বোর্ড গঠন করা হলো।

সূত্র: নতুন আরএসএস সোর্স