|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৮:৪৬ এএম
১৬৩ পঠিত
ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইয়েমেনে হুতিদের সামরিক সক্ষমতা দুর্বল করতে রোববার অভিযান চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের দাবি, হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচিতে ব্যবহৃত বিভিন্ন স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, সৌদি আরব, ইয়েমেন এবং ল...

ইয়েমেনে হুতিদের সামরিক সক্ষমতা দুর্বল করতে রোববার অভিযান চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের দাবি, হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচিতে ব্যবহৃত বিভিন্ন স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, সৌদি আরব, ইয়েমেন এবং লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে নৌপথের নিরাপত্তার জন্য হুতিদের সামরিক সক্ষমতা কমানো জরুরি। বেসামরিক মানুষ ও স্থাপনায় হামলা বন্ধ না করলে হুতিদের পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি।

তবে হুতিদের নিয়ন্ত্রণাধীন আল-মাসিরা টেলিভিশনের দাবি, সৌদি বিমান হামলায় হোদেইদা প্রদেশের বাজিল এলাকায় একটি তেল কোম্পানির স্থাপনায় আঘাত হানে। এতে তিনজন বেসামরিক ব্যক্তি আহত হন। একই প্রদেশের হোদেইদা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদেও দুটি হামলা হয়েছে, তবে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি।

উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের আল-দাহের ও হাইদান জেলাতেও ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে সম্প্রচারমাধ্যমটি। এ ছাড়া সীমান্তবর্তী শাদা জেলায় সৌদি বাহিনীর গুলিতে এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এদিকে, হুতিদের সামরিক সূত্র সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। সম্ভাব্য ক্ষতির বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করার পাশাপাশি মক্কা ও মদিনার আকাশসীমা ছাড়া সৌদি আকাশসীমা এড়িয়ে চলতে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা।

শনিবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, আগের ২৪ ঘণ্টায় সৌদি আরব ইয়েমেনের সানা, আল-জাওফ, তাইজ, সাদা, হাজ্জাহ ও লাহজ এলাকায় ৬৬টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর সৌদি হামলার সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫৫টিতে।

অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক বাহিনী জানিয়েছে, চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানে তারা হুতিদের অবস্থানে ১ হাজার ১১৯টি হামলা চালিয়েছে। এসব অভিযানে ৪২৭ জন হুতি যোদ্ধাকে নিষ্ক্রিয় করা এবং আল-জাওফ প্রদেশে অগ্রগতির দাবি করেছে তারা। তাদের দাবি, বিমান, ড্রোন, কামান ও রকেট হামলায় হুতিদের ১৪২টি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

সূত্র: শাফাক নিউজ

সূত্র: কালবেলা