|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, মজুত জানতে অপেক্ষা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ১২:০১ পিএম
২১৬ পঠিত
নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, মজুত জানতে অপেক্ষা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি কূপে গ্যাসের উপস্থিতি শনাক্ত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। উপজেলার রামপুর ইউনিয়নে ‘সুন্দলপুর সাউথ-১’ নামের কূপটিতে খনন শেষে ড্রিল স্টিম টেস্ট (ডিএসটি) পরীক্ষায় গ্যাসের প্রবাহ পাওয়া গেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কূপের পাইপের মুখে আগুন জ্বালিয়ে পরীক্ষামূলকভাবে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।

বাপেক্সের সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক নতুন কূপে গ্যাস পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১২ জুলাই কূপটির খননকাজ শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী, ৩ হাজার ২৯০ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫৫১ থেকে ২ হাজার ৫৫৭ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক বলেন, দুপুর ১২টার পর পরীক্ষামূলকভাবে কূপে আগুন জ্বালিয়ে ডিএসটি পরীক্ষা করা হয়। এতে গ্যাসের প্রবাহ নিশ্চিত হয়েছে। তবে কূপটিতে গ্যাসের মোট মজুত এবং দৈনিক কতটুকু গ্যাস উত্তোলন করা যাবে, তা জানতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে। এ জন্য বিভিন্ন পরীক্ষা ও ফলাফল বিশ্লেষণের কাজ চলছে।

মো. মোজাম্মেল হক বলেন, কূপটিতে ভালো পরিমাণ গ্যাসের মজুত পাওয়ার আশা করছেন তাঁরা। গ্যাসের বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই শেষে দ্রুত পাইপলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাইপলাইনের সংযোগ স্থাপন করা গেলে উৎপাদিত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন কূপটিতে গ্যাসের সন্ধান পাওয়ায় দেশে ৩১তম গ্যাসক্ষেত্র আবিষ্কারের সম্ভাবনা তৈরি হয়েছে।

এর আগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর এলাকায় একই গ্যাসক্ষেত্রের অধীনে সুন্দলপুর-১, সুন্দলপুর-২ ও সুন্দলপুর-৩ নামে তিনটি কূপ খনন করা হয়েছিল। নতুন কূপটি একই উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত। তবে এটি একই ভূগর্ভস্থ গ্যাসক্ষেত্র কাঠামোর অংশ হওয়ায় এর নাম রাখা হয়েছে ‘সুন্দলপুর সাউথ-১’।

সূত্র: প্রথম আলো