|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আজ খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৪৫ এএম
৪০০ পঠিত
আজ খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। এ সফরে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে...
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। এ সফরে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে মোংলা বন্দরের আধুনিকায়ন ও বিনিয়োগের নতুন উদ্যোগকে ঘিরে আশাবাদী ব্যবসায়ী, বিনিয়োগকারী ও স্থানীয় বাসিন্দারা। সফরসূচি অনুযায়ী, আজ সকাল ১০টায় মোংলা বন্দরে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টায় বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। মোংলা বন্দরের এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা। চীনা ঋণ ও সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এর আওতায় দুটি আধুনিক কনটেইনার জেটি ও ইয়ার্ড নির্মাণের পাশাপাশি আধুনিক ক্রেন, স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা ও কনটেইনার হ্যান্ডলিং প্রযুক্তি যুক্ত করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বেড়ে দাঁড়াবে ৪ লাখ টিইইউতে। বর্তমানে যে সক্ষমতা রয়েছে, নতুন অবকাঠামো যুক্ত হলে তা দ্বিগুণেরও বেশি হবে। সংশ্লিষ্টদের আশা, আধুনিক অবকাঠামো যুক্ত হলে বন্দরে পণ্য ওঠানামার গতি বাড়বে। কমবে জাহাজের অপেক্ষার সময়, উন্নত হবে সেবার মান। এতে আমদানি-রপ্তানি বাণিজ্যে মোংলা বন্দরের ব্যবহার বাড়ার পাশাপাশি নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকল্প ও উন্নয়ন) শেখ শওকত আলী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের অবকাঠামোগত সক্ষমতায় বড় পরিবর্তন আসবে। আধুনিক জেটি ও সরঞ্জাম যুক্ত হওয়ার ফলে কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা বাড়বে। বন্দর ব্যবহারকারীরা আরও উন্নত সেবা পাবেন।’ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘মোংলা বন্দরকে ঘিরে অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ কার্যক্রম দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন রফিকুল ইসলাম বলেন, বন্দরের জেটি ও আধুনিক সরঞ্জামের সক্ষমতা বাড়ানো জরুরি। নতুন অবকাঠামো যুক্ত হলে পণ্য ওঠানামায় সময় সাশ্রয় হবে। এতে আমদানি-রপ্তানিকারকদের আগ্রহ বাড়ার পাশাপাশি মোংলা বন্দরের ব্যবহারও বাড়বে। মোংলা বন্দরের কর্মসূচি শেষে বাগেরহাটে খানজাহান আলীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সড়কপথে খুলনা সার্কিট হাউসে যাবেন তিনি। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০৩টি উপজেলায় এ প্রতিযোগিতার সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রীর দুই সপ্তাহের ব্যবধানে মোংলা সফরকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের প্রত্যাশা, মোংলা বন্দরের আধুনিকায়ন ও বিনিয়োগ উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তন আসবে। এর আগে গত ২২ অক্টোবর খুলনা ও মোংলা সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্র: নতুন আরএসএস সোর্স