|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

প্রিন্স হ্যারির শ্বশুর এফবিআইয়ের হাতে গ্রেপ্তার, ৮২ বছরের টমাস মার্কেলের কী অপরাধ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৫:৩২ পিএম
২৯২ পঠিত
প্রিন্স হ্যারির শ্বশুর এফবিআইয়ের হাতে গ্রেপ্তার, ৮২ বছরের টমাস মার্কেলের কী অপরাধ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

শিশুদের যৌন নির্যাতনের ছবি ও ভিডিও রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন মেগান মার্কেলের বাবা টমাস মার্কেল সিনিয়র। ফ্লোরিডার একটি প্রবীণ নিবাস থেকে তাঁকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন। তবে কী কারণে টমাস মার্কেলকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি। বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এফবিআইয়ের প্রতিনিধিদের সঙ্গেও তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল প্রথম টমাস মার্কেলের গ্রেপ্তারের খবর প্রকাশ করে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ৮২ বছর বয়সী টমাস মার্কেলকে ফ্লোরিডার লেকল্যান্ড শহরের একটি প্রবীণ নিবাস থেকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুদের যৌন নির্যাতনের ছবি ও ভিডিও রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মেক্সিকো ও ফিলিপাইনে থাকা টমাস মার্কেলের দুটি সংরক্ষণাগারেও একই ধরনের জিনিসপত্র পাওয়া গেছে বলে দাবি করেছে ডেইলি মেইল। তবে এসব তথ্যের পক্ষে তাৎক্ষণিকভাবে সরকারি কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টমাস আগে কিছুদিন ফিলিপাইনে বসবাস করেছেন। সেখানে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে গত মাসে তদন্ত শুরু করে দেশটির কর্তৃপক্ষ।

একসঙ্গে হাঁটছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। যুক্তরাজ্যের কেনসিংটন প্রাসাদের সানকেন গার্ডেনে

এর আগে ব্রিটিশ পুলিশ জানিয়েছিল, টমাসের বিরুদ্ধে ওঠা অভিযোগ বিদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো হবে। অভিযোগগুলো প্রথম পাওয়ার সময় অন্য কোনো কর্তৃপক্ষকে জানানো হয়নি বলে জানতে পেরেছিল তারা।

নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন টমাস। ডেইলি মেইলকে তিনি বলেছেন, এসব অভিযোগ অসত্য ও ‘জঘন্য মিথ্যা’।

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল একজন মার্কিন নাগরিক। ২০১৮ সালে তাঁদের বিয়ে হয়। বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগে তিনি ‘গভীরভাবে বিচলিত’ বলে জানিয়েছেন।

সূত্র: প্রথম আলো