|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ২ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম
২১০ পঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ২ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটিতে দেশের দুই গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল ও হিলিতে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল ও হিলি স্থলবন্দরে পণ্য পরিবহন, আমদানি-রপ্তানি এবং কাস্টমস ও বন্দরের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখা...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটিতে দেশের দুই গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল ও হিলিতে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল ও হিলি স্থলবন্দরে পণ্য পরিবহন, আমদানি-রপ্তানি এবং কাস্টমস ও বন্দরের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি ছুটির কারণে শনিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কোনো পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে কোনো পণ্য রপ্তানি হচ্ছে না। একই কারণে বন্ধ রয়েছে কাস্টমস ও বন্দরের দাপ্তরিক কার্যক্রম।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল রোববার (৮ নভেম্বর) থেকে পুনরায় সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, সরকারি ছুটির কারণে বন্দরের আমদানি-রপ্তানিসহ কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পণ্য খালাস শেষে বন্দরে অবস্থানরত ভারতীয় খালি ট্রাকগুলো নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছে।

অন্যদিকে, দিনাজপুরের হিলি স্থলবন্দরেও একই কারণে আমদানি-রপ্তানিসহ অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।

তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার ভারত থেকে পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এক দিনের বিরতির পর রোববার থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

তবে দুই স্থলবন্দরেই যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

একই তথ্য জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। তিনি বলেন, স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও পণ্য পরিবহন বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ২৫০-৩০০ ট্রাক পণ্য আমদানি হয়। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় প্রায় ৫০ থেকে ১০০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আয় হয় প্রায় ১০ কোটি টাকা।

সরকারি ছুটির কারণে এক দিনের জন্য দুই স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও রোববার থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।

সূত্র: কালবেলা