|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বিচারককে নিয়ে বিরূপ মন্তব্য, ব্যারিস্টার সারোয়ারকে তলব করলেন হাইকোর্ট

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৫:৪৯ পিএম
৪৪২ পঠিত
বিচারককে নিয়ে বিরূপ মন্তব্য, ব্যারিস্টার সারোয়ারকে তলব করলেন হাইকোর্ট
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কোনো প্রমাণ উপস্থাপন না করে সংবাদ সম্মেলনে বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিরূপ মন্তব্য করার ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেনকে তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন আদালত। আগামী ২৬ নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা...

কোনো প্রমাণ উপস্থাপন না করে সংবাদ সম্মেলনে বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিরূপ মন্তব্য করার ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেনকে তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন আদালত। আগামী ২৬ নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (০৮ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

একই সঙ্গে বিচারককে নিয়ে ব্যারিস্টার সারোয়ার হোসেনের দেওয়া বক্তব্যসংবলিত সংবাদ সম্মেলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে ব্যারিস্টার এম সারোয়ার হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন। একজন বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে প্রমাণিত হওয়ার আগেই দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার বিষয়টি আদালতের নজরে এসেছে।

তিনি জানান, পিরোজপুরের যুগ্ম জেলা জজ নাহিদ রুমানা মিতুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি সংবাদ সম্মেলন করেন ব্যারিস্টার সারোয়ার হোসেন। ওই সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের মাধ্যমে বিচার বিভাগের মর্যাদা ও আদালতের পবিত্রতা ক্ষুণ্ণ হয়েছে কি না এবং এ কারণে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী ২৬ নভেম্বর ব্যারিস্টার এম সারোয়ার হোসেনকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি সংবাদ সম্মেলনের বক্তব্যসংবলিত ভিডিও অনলাইন মাধ্যম থেকে দ্রুত সরিয়ে ফেলার জন্য বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় আদালতে সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন হানিফ ও তানজিমাৎ মারিয়া উপস্থিত ছিলেন।

এর আগে গত ৫ নভেম্বর পিরোজপুরের যুগ্ম জেলা জজ নাহিদ রুমানা মিতুর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার ও তার সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে ব্যারিস্টার এম সারোয়ার হোসেনকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে সংশ্লিষ্ট বিচারকের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছিল।

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহফুজুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান এ আইনি নোটিশ পাঠান।

সূত্র: কালবেলা