টানা ১৯ বছর ধরে রেকর্ড গড়েই চলেছে কাদির মোল্লা সিটি কলেজ
গণমাধ্যম ডেক্স
প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০২:৫৮ পিএম
সাফল্যের ধারাবাহিকতায় এবারও দেশসেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। এ ফলাফলের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘ ১৯ বছর ধরে এইচএসসি পরীক্ষায় দেশসেরা ফলাফলের গৌরবময় ধারাবাহিকতা বজায় রাখল।
২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি শিক্ষার গুণগত মান ও ঈর্ষণীয় ফলাফলের জন্য দেশজুড়ে...
সাফল্যের ধারাবাহিকতায় এবারও দেশসেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। এ ফলাফলের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘ ১৯ বছর ধরে এইচএসসি পরীক্ষায় দেশসেরা ফলাফলের গৌরবময় ধারাবাহিকতা বজায় রাখল।
২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি শিক্ষার গুণগত মান ও ঈর্ষণীয় ফলাফলের জন্য দেশজুড়ে এক অনন্য পরিচিতি লাভ করে। প্রতিষ্ঠার মাত্র দুই বছরের মাথায় ২০০৮ সালে প্রথম ব্যাচের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৯৯ শতাংশ পাসের অভাবনীয় রেকর্ড গড়ে। এরপর ২০০৯ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে পঞ্চম এবং দেশসেরা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করে নিজেদের শক্ত অবস্থানের জানান দেয় কলেজটি।
ধারাবাহিক অগ্রযাত্রায় ২০১০ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে চতুর্থ এবং ২০১১ সালে সপ্তম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি। পরে ২০১২, ২০১৩ এবং ২০১৪ সালে ঢাকা বোর্ড তথা সমগ্র বাংলাদেশে শতভাগ পাসসহ এ তিন বছরই টানা দ্বিতীয় স্থান অর্জন করে কলেজটি।
২০১৫ সাল থেকে শিক্ষাবোর্ড কর্তৃক প্রাতিষ্ঠানিকভাবে সেরাদের তালিকা প্রকাশ বন্ধ হয়ে গেলেও অভ্যন্তরীণ মূল্যায়ন ও সকল ক্যাটাগরিতে বরাবরই দেশ সেরা ফলাফল অর্জন করে আসছে। শিক্ষাবোর্ড থেকে সেরাদের তালিকা প্রকাশ বন্ধ হলেও সকল ক্যাটাগরিতে ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালেও দেশ সেরা ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় সর্বশেষ এবছরও ২০২৬ সালে দেশসেরা ফলাফলের গৌরব অক্ষুণ্ন রেখেছে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ।
এবছর এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৫৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে একজন শিক্ষার্থী পরীক্ষা চলাকালে সাতটি পরীক্ষায় অংশগ্রহণ করার পর অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিতে না পারায় একজন অকৃতকার্য হয়েছেন।
জিপিএ ৫ পেয়েছে ৫৬১ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৮ জন অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছেন ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮০ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ ৫ পেয়েছেন ৬৯ জন এবং মানবিক শাখা থেকে ৩১১ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ ৫ পেয়েছেন ৯৮ জন। শতকরা পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ।
কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের সরাসরি নির্দেশনায় নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষা গ্রহণ এবং গাইড টিচারের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিবিড় তত্ত্বাবধানই প্রতি বছর এই অভাবনীয় ফলাফল এনে দিচ্ছে।
অভাবনীয় এই সাফল্যের বিষয়ে কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আব্দুল কাদির মোল্লা বলেন, প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা দীর্ঘদিন ধরে এই ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি। এই ফল কোনো জাদুর কাঠির ফল নয়, এটি সবার পরিশ্রমের ফসল এবং এই গৌরবময় অর্জন পুরো নরসিংদীবাসীর। সাফল্যের এই অবিরাম ধারাবাহিকতায় আমি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকল অংশীজনকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।
সূত্র: কালবেলা