তাহসিফের সঙ্গে বারে যাওয়া কে এই তরুণী?
গণমাধ্যম ডেক্স
সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন জেরিকা তাসনিম দিশা (১৯)।তাহসিফের মৃত্যুর আগে সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন তিনি। গ্রেপ্তারের পর আদালতে দেওয়া পুলিশের রিমান্ড আবেদনে উঠে এসেছে এই তরুণীর পরিচয়।
রোববার (১ নভেম্বর) রাত ২টার দিকে নিজ বাসা থেকে নারী পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।
তদন্তে পাওয়া সিসিটিভি ফুটেজে হত্যাকাণ্ডের আগে তাহসিফের সঙ্গে উত্তরার একটি বারে যাওয়া, খাবারের দোকানে অবস্থান এবং বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে ঘোরাঘুরির তথ্য মিলেছে।
এ ঘটনায় জেরিকাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
পুলিশের রিমান্ড আবেদনে জেরিকা তাসনিম দিশার পরিচয় হিসেবে তার বাবার নাম দিদারুল আলম দিদার এবং মায়ের নাম জেসমিন আক্তার উল্লেখ করা হয়েছে। তার বাসা রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুরের মমিন সরণিতে।
শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং উত্তরার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাহসিফের সঙ্গে জেরিকার চলাফেরার বেশ কিছু তথ্য পাওয়া গেছে। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তারা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসে যান। একই দিন রাতে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টেও তাদের একসঙ্গে দেখা যায়।
এ ছাড়া একটি মোটরসাইকেল গ্যারেজের সিসিটিভি ফুটেজে তাহসিফ ও জেরিকাকে একসঙ্গে যাওয়ার দৃশ্য পাওয়া গেছে। তাহসিফের কললিস্ট পর্যালোচনা করেও জেরিকার সঙ্গে একাধিকবার ফোনে কথা বলার তথ্য পেয়েছে পুলিশ।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, একই মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপ (২৩) বর্তমানে পুলিশি রিমান্ডে রয়েছেন। দীপ ও জেরিকার বক্তব্য ক্রসচেক করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা প্রয়োজন। এ ছাড়া অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার এবং হত্যার স্থান নির্ধারণের জন্য জেরিকাকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার পর দীপ নামে তার এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হন কে এম তাহসিফ সাউরি। রাত গভীর হলেও তিনি বাসায় না ফেরায় তার মা একাধিকবার ফোনে যোগাযোগ করেন। তখন তাহসিফ কিছুক্ষণের মধ্যে ফিরে আসার কথা জানান।
পরে রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারের মাধ্যমে তাহসিফের ফোন থেকে তার মায়ের ফোনে একটি ভয়েস মেসেজ পাঠানো হয়। সেখানে বলা হয়, ‘রওনা দিয়েছি, আসছি।’ তবে রাত পেরিয়ে পরদিন বিকেল হলেও তিনি বাসায় ফেরেননি।
এজাহারে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম আরও উল্লেখ করেন, ২৮ অক্টোবর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উত্তরখান থেকে নৌ-পুলিশ ফোন করে তাকে জানায়, রাজারবাড়ি ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তার ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ৩১ অক্টোবর রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
এর আগে, একই মামলায় সন্দেহভাজন হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে আদালত তারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সূত্র: কালবেলা