|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পিপিপি মডেলে পাঁচ হাসপাতালে চালু হচ্ছে বিশেষায়িত স্বাস্থ্যসেবা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:১৬ পিএম
৩০১ পঠিত
পিপিপি মডেলে পাঁচ হাসপাতালে চালু হচ্ছে বিশেষায়িত স্বাস্থ্যসেবা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে দেশের পাঁচটি হাসপাতালে টারশিয়ারি বা বিশেষায়িত পর্যায়ের স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে রাজধানী ঢাকায় পাইলট প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। হাসপাতালগুলোর সঙ্গে চুক্তি সম্পাদনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়ে...

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে দেশের পাঁচটি হাসপাতালে টারশিয়ারি বা বিশেষায়িত পর্যায়ের স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে রাজধানী ঢাকায় পাইলট প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। হাসপাতালগুলোর সঙ্গে চুক্তি সম্পাদনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পিপিপি পদ্ধতিতে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে হাসপাতালগুলোর সঙ্গে চুক্তির সব প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রোগীদের কাছ থেকে সেবার বিপরীতে কত টাকা চার্জ নেওয়া হবে, তা নির্ধারণে আগামী সপ্তাহে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। ওই সভার পরই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা সম্ভব হবে। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের অন্যান্য শহরের হাসপাতালেও এ সেবা সম্প্রসারণ করা হবে।

স্বাস্থ্যখাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়াও রয়েছে। এসব আইসিইউ চালু হলে শিশু ও সংকটাপন্ন রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে।

তিনি জানান, চিকিৎসক সংকট নিরসনে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান। আবেদন গ্রহণ শেষে বর্তমানে সাক্ষাৎকার পর্ব চলছে। নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে দেশের চিকিৎসক সংকট অনেকটাই কমে আসবে। পাশাপাশি প্রয়োজনীয় টেকনিশিয়ান ও টেকনোলজিস্ট নিয়োগের উদ্যোগও অব্যাহত রয়েছে।

বগুড়ার স্বাস্থ্যসেবা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সংকট দূর করা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং সার্বিক চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গতকালই বগুড়ায় ১৭ জন নতুন চিকিৎসককে পদায়ন করা হয়েছে। এ ছাড়া স্থানীয় স্বাস্থ্যসেবার সমস্যাগুলোর তালিকা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সেগুলোর সমাধান করা হবে।

হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, বর্তমানে দেশের ১৫টি হাসপাতালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু রয়েছে। পর্যায়ক্রমে বগুড়াসহ দেশের বড় হাসপাতালগুলোতে আন্তর্জাতিক মানের বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে বিগত সরকারের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরের লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশের স্বাস্থ্যখাত সংকটাপন্ন অবস্থায় পৌঁছেছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্যখাতকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে পুরো খাতকে সচল করাই সরকারের মূল লক্ষ্য।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মোনোয়ারুল কাদির বিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতা এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স