|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা, মিলনমেলায় মুখর লেখক-পাঠক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম
২৬১ পঠিত
প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা, মিলনমেলায় মুখর লেখক-পাঠক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ২০২৬’। লেখক, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও পাঠকদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় প্রবাসী বাঙালিদের এক মিলনমেলায়। রোববার (০১ নভেম্বর) প্যারিসের একটি হলরুমে আয়োজিত এ বইমেলায় ফ্রান্সসহ ইউরোপের বিভিন্...

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ২০২৬’। লেখক, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও পাঠকদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় প্রবাসী বাঙালিদের এক মিলনমেলায়।

রোববার (০১ নভেম্বর) প্যারিসের একটি হলরুমে আয়োজিত এ বইমেলায় ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ ও বাংলাদেশ থেকে প্রায় ৩০ জন লেখক অংশ নেন। মেলায় ২৫টি স্টলে বিভিন্ন লেখকের বই প্রদর্শন করা হয়।

বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এমদাদুল হক স্বপ্নের পরিচালনায় উদ্বোধনী পর্বে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বইমেলার উদ্বোধন করেন প্যারিস টাইমসের স্বত্বাধিকারী কাজী নিধি উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আসা লেখক হাসানুজ্জামান রিপন এবং প্যারিস টাইমসের প্রধান পৃষ্ঠপোষক কাজী এনায়েত উল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডো এনামুল হক।

সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে আটজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হাসানুজ্জামান রিপন, এনামুল হক, রবিশঙ্কর মৈত্রী, আরিফ রানা, লোকমান আহম্মদ আপন, রিয়াজ আহমেদ জুয়েল, প্রকাশ রায় ও সোয়েব মোজাম্মেল।

বইমেলার অন্যতম আকর্ষণ ছিল কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবি রবিশঙ্কর মৈত্রীর পরিচালনায় কবিতার আসরে ফ্রান্সপ্রবাসী কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। পরে রোমানা মনসুর ও আল আমিনের পরিচালনায় সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জাকারিয়া, কাজী আরিফ রানা, শাহাদাত হোসেন রনি ও ইমতিয়াজ আহমেদ।

এ ছাড়া শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বইমেলায় স্টল নিয়ে অংশগ্রহণকারী সবাইকে আয়োজকদের পক্ষ থেকে প্রশংসাপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত ভট্টাচার্য শুভ, ব্যবসায়ী সেলিম রেজা, শাজাহান শারু, মিজান সরকার, হাসনাত জামান, ওবায়দুল ইসলাম রিয়াদ, আজম খান, হাফিজুর রহমান ও আলী আক্কাসসহ ফ্রান্সের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনায় বক্তারা প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চার প্রসার এবং নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্ব দেন। তাদের মতে, এ ধরনের আয়োজন প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যপাঠের আগ্রহ তৈরিতে ভূমিকা রাখে।

আয়োজকেরা জানান, নতুন লেখক ও পাঠকদের উৎসাহিত করা এবং ইউরোপের বাংলা ভাষাভাষীদের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক যোগাযোগ জোরদার করাই এ বইমেলার মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানের শেষ পর্বে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশনের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে প্যারিস টাইমসের প্রধান উপদেষ্টা, ব্যবসায়ী, লেখক ও সংগঠক কাজী এনায়েত উল্লাহ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সূত্র: কালবেলা