প্রধানমন্ত্রীর নির্দেশে যুবদল নেতা সালামের চিকিৎসার খোঁজ নিলেন ড্যাব নেতারা
গণমাধ্যম ডেক্স
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে রংপুরের পীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালামের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) যান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় নেতারা।
গত ২২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার কাজ শেষে রংপুরে ফেরার পথে রংপুরের শঠিবাড়ি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন আব্দুস সালাম। এতে তার বাম পা মারাত্মকভাবে আহত ও ভেঙে যায়। দীর্ঘদিন চিকিৎসা গ্রহণের পরও তার শারীরিক দুর্ভোগ ও চিকিৎসার জটিলতা অব্যাহত থাকে।
সম্প্রতি তার এই দুর্বিষহ পরিস্থিতির কথা দৈনিক কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। তিনি আব্দুস সালামের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্তিতে কর্মরত অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর পরামর্শে ডা. এম. আর. হাসান আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করার ব্যবস্থা করেন।
এরই ধারাবাহিকতায় গত সোমবার (২ নভেম্বর) অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর পরামর্শে দেশের বিশিষ্ট অর্থোপেডিক বিশেষজ্ঞদের সমন্বয়ে আব্দুস সালামের পরবর্তী চিকিৎসার বিষয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
বুধবার (৪ নভেম্বর) আব্দুস সালামের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং তার পাশে দাঁড়াতে হাসপাতালে যান ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও নিটোরের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান, সহসভাপতি ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, সহসভাপতি ডা. সামিউল হাসান বাবু, যুগ্ম মহাসচিব ডা. মুরাদ হোসেন, যুগ্ম মহাসচিব ও ঢাকা শিশু হাসপাতাল ড্যাবের সেক্রেটারি ডা. ফারুক আহমেদ, আইনবিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান, সহসাংগঠনিক সম্পাদক ডা. কামরুজ্জামানসহ ড্যাবের অন্য নেতারা।
এ সময় আহত যুবদল নেতা আব্দুস সালাম তার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
পাশাপাশি চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
দুঃসময়ে একজন রাজনৈতিক কর্মীর পাশে দাঁড়িয়ে তার সুচিকিৎসা নিশ্চিত করার এই উদ্যোগ মানবিক দায়িত্ববোধ ও সহমর্মিতার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স