|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মুক্ত পে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করল বাংলালিংক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০২:০০ এএম
২৬২ পঠিত
মুক্ত পে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করল বাংলালিংক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত করতে ‘মুক্ত পে’ নামের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে বাংলালিংক।

দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত করতে ‘মুক্ত পে’ নামের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছে বাংলালিংক। নতুন প্ল্যাটফর্মটির মাধ্যমে টাকা পাঠানোর পাশাপাশি বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ এবং যেকোনো মোবাইল অপারেটরের নম্বরে রিচার্জ করা যাবে। উদ্বোধন উপলক্ষে প্রথম তিন মাস পর্যন্ত বাড়তি চার্জ ছাড়াই টাকা পাঠানো ও বিল পরিশোধ করা যাবে প্ল্যাটফর্মটিতে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দৈনন্দিন লেনদেনে বাড়তি সময়, কষ্ট ও খরচ থেকে গ্রাহকদের মুক্তি দিতে মুক্ত প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। গুগল প্লে স্টোর ও আইওএস অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। এরপর জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন নম্বর দিয়ে নিবন্ধন করে যেকোনো অপারেটরের গ্রাহকেরা এ অ্যাপে নিবন্ধন করতে পারবেন। আর বাংলালিংক গ্রাহকেরা ইন্টারনেট–সংযোগবিহীন সাধারণ মুঠোফোন থেকে *৫২৫# ডায়াল করে এ সেবা নিতে পারবেন।

‘মুক্ত পে’র মাধ্যমে টাকা পাঠানো, বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পরিশোধ এবং সব অপারেটরের নম্বরে মোবাইল রিচার্জ করা যাবে। ব্যাংক অ্যাকাউন্ট ও কার্ড থেকে ওয়ালেটে টাকা যোগ করার সুবিধার পাশাপাশি বাংলালিংকের সব সেবা ব্যবহারের সুযোগও থাকছে অ্যাপটিতে।

প্ল্যাটফর্মটি চালুর বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, ‘মুক্ত পের মাধ্যমে সংযোগ সেবার বাইরেও গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলালিংক। স্মার্টফোন হোক বা সাধারণ মুঠোফোন, এ সেবার মাধ্যমে ব্যক্তি, মার্চেন্ট ও ব্যবসাপ্রতিষ্ঠান সহজেই ডিজিটাল অর্থনীতির অংশ হতে পারবেন। বিশেষ করে যেসব জনগোষ্ঠী ও ক্ষুদ্র ব্যবসায়ী এখনো ডিজিটাল আর্থিক সেবার আওতার বাইরে রয়েছেন, তাঁদের জন্য ডিজিটাল লেনদেন আরও সহজ ও সহজলভ্য করে তুলবে মুক্ত পে। বাংলাদেশে আরও বিস্তৃত ডিজিটাল আর্থিক সেবা চালুর ভিত্তি হিসেবে কাজ করবে এ প্ল্যাটফর্ম।’

ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য রয়েছে মুক্ত পের আলাদা একটি মার্চেন্ট অ্যাপ। এর মাধ্যমে ব্যবসায়ীরা একটি ড্যাশবোর্ড থেকেই নিবন্ধন, গ্রাহকের কাছ থেকে পেমেন্ট গ্রহণ এবং লেনদেনের সব হিসাব দেখতে পারবেন। ভবিষ্যতে জাতীয় কিউআর পেমেন্ট সিস্টেম বাংলা কিউআর যুক্ত হলে গ্রাহকেরা বাংলা কিউআর–সমর্থিত বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠানে মুক্ত পে ব্যবহার করে ডিজিটাল লেনদেন করতে পারবেন।

বাংলালিংকের চিফ ফিনটেক অফিসার দিমিত্রি কাশতানভ বলেন, ‘মুক্ত মানে স্বাধীন। আমরা যে প্ল্যাটফর্ম তৈরি করেছি, তার মূল ভাবনাও সেটিই। এত দিন সংযোগ সেবার মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ছিলাম আমরা। মুক্ত পের মাধ্যমে এখন আমরা তাদের আর্থিক লেনদেনের সঙ্গেও যুক্ত হচ্ছি। আমাদের লক্ষ্য, প্রতিদিনের লেনদেন যেন আরও দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য হয়।’

মুক্ত পের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম জাকারিয়া বলেন, ‘শুরু থেকে আমাদের লক্ষ্য ছিল, প্রথম লেনদেন থেকেই সেবাটি যেন দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য হয়। একই সঙ্গে সকল মোবাইল অপারেটরের গ্রাহকেরা যাতে এটি ব্যবহার করতে পারেন, সেটিও নিশ্চিত করতে চেয়েছি আমরা।’

সূত্র: প্রথম আলো