|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৫:০৪ পিএম
৪৩৯ পঠিত
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে একাধিক সুপারিশ করেছে এ-সংক্রান্ত কমিটি। ভবনের সব লাইট ও বাতি সেন্সর ব্যবস্থার আওতায় আনা, বিদ্যুতের অপচয়ের ক্ষ...

জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে একাধিক সুপারিশ করেছে এ-সংক্রান্ত কমিটি। ভবনের সব লাইট ও বাতি সেন্সর ব্যবস্থার আওতায় আনা, বিদ্যুতের অপচয়ের ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং আবাসিক এলাকায় বিদ্যুৎ বিল আদায়ে সাব-মিটার বা প্রিপেইড মিটার স্থাপনের সুপারিশ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে গঠিত কমিটির দ্বিতীয় সভায় এসব সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ সময় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি, ভবনের বিভিন্ন স্থানে বায়ু চলাচলের স্বাভাবিক অবস্থা এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত সক্ষমতা নির্ধারণ এবং এ বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিদ্যুতের অপচয় রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সর ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করে কমিটি। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং অপচয়ের ঘটনা ঘটলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এ ছাড়া সংসদ ভবন কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেডের শাখা ও আবাসিক এলাকার বিদ্যুৎ বিল যথাযথভাবে আদায়ের লক্ষ্যে সাব-মিটার অথবা প্রিপেইড মিটার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

সভায় সংসদ ভবনের মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। এ লক্ষ্যে সংসদ অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং অধিবেশন না থাকলে নামাজের আধা ঘণ্টা আগে এসি চালু করার সুপারিশ করা হয়।

এদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়া সংসদ ভবন এলাকার খেলার মাঠটির বরাদ্দ ও চুক্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই-বাছাই করে প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ডিপিডিসির মাধ্যমে সোলার পাওয়ার সিস্টেম চালুর লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে পরের  সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

সূত্র: কালবেলা