|
| |
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইসরায়েলি ইহুদিদের সমর্থন নিয়ে ক্ষমতায় টিকে থাকার পথে নেতানিয়াহু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬, ০৯:০৮ পিএম
১৫৯ পঠিত
ইসরায়েলি ইহুদিদের সমর্থন নিয়ে ক্ষমতায় টিকে থাকার পথে নেতানিয়াহু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইসরায়েলের নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন পেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আংশিক ফলাফলে তার নেতৃত্বাধীন ডানপন্থি, কট্টর ডানপন্থি ও অতি-গোঁড়া ইহুদি দলগুলোর জোট এগিয়ে রয়েছে। এতে অন্তত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতায় থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার (২৮ অক্টো...

ইসরায়েলের নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন পেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আংশিক ফলাফলে তার নেতৃত্বাধীন ডানপন্থি, কট্টর ডানপন্থি ও অতি-গোঁড়া ইহুদি দলগুলোর জোট এগিয়ে রয়েছে। এতে অন্তত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতায় থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে প্রায় ৮৬ শতাংশ ভোট গণনা শেষে ইসরায়েলের তিনটি প্রধান সম্প্রচারমাধ্যম জানায়, নেতানিয়াহুর জোট পার্লামেন্টে ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের আসনসংখ্যা দাঁড়াতে পারে ৪৮টিতে।

এদিকে, আরব বংশোদ্ভূত ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব দলের সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি ও ভোটারদের সক্রিয় অংশগ্রহণের কারণে তাদের আসনসংখ্যা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ভোট গণনা চলমান থাকায় ফলাফলে পরিবর্তন আসতে পারে। নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপে প্রতিদ্বন্দ্বিতা কাছাকাছি হওয়ার আভাস দেওয়া হলেও আংশিক ফলাফলে আইজেনকটের নেতৃত্বাধীন জোট প্রত্যাশার তুলনায় কম আসন পাচ্ছে।

১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সরকার গঠন করতে ৬১ আসন প্রয়োজন। কিন্তু নেতানিয়াহুর জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে বিরোধী দলগুলোর জন্য তাকে ক্ষমতা থেকে সরানো কঠিন হয়ে পড়েছে। কারণ, সরকার গঠনের জন্য বিরোধী জোটকে আরব দলগুলোর সমর্থন নিতে হতে পারে, যা অনেক ইহুদি রাজনৈতিক নেতা আগে থেকেই প্রত্যাখ্যান করেছেন।

এমনকি বিরোধীরা কোনোভাবে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন নিশ্চিত করতে পারলেও নতুন সরকার গঠনের জন্য জোট আলোচনা শেষ না হওয়া পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। অন্যথায় আগামী বছর নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্তও তাকে এ দায়িত্বে থাকতে হতে পারে।

রয়টার্স বলছে, চূড়ান্ত ফলাফল ও সরকার গঠনের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি স্পষ্ট হচ্ছে না।

সূত্র: রয়টার্স

সূত্র: নতুন আরএসএস সোর্স