|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আইইডিসিআর পরিচালকের ওপর হামলায় অভিযুক্ত ডা. জাহিদের শাস্তি দাবি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৩:১৯ পিএম
২৭২ পঠিত
আইইডিসিআর পরিচালকের ওপর হামলায় অভিযুক্ত ডা. জাহিদের শাস্তি দাবি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলা ও শারীরিক নিগ্রহের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন স্বাস্থ্য খাতের কর্মকর্তারা। সরকারি দপ্তরে ঢুকে একজন প্রতিষ্ঠানপ্রধানকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দায়ীদের...
রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলা ও শারীরিক নিগ্রহের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন স্বাস্থ্য খাতের কর্মকর্তারা। সরকারি দপ্তরে ঢুকে একজন প্রতিষ্ঠানপ্রধানকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার (২৯ অক্টোবর) পুরাতন স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডা. জাহিদ হাসানকে প্রাথমিক সদস্যপদ থেকে সাময়িকভাবে স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির সহ-আইনবিষয়ক সম্পাদক তিনি। ইনস্টিটিউট অব পাবলিক হেলথের (আইপিএইচ) পরিচালক ডা. সৈয়দ আবু আহম্মদ শাফী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে স্বাস্থ্য বিভাগের ইতিহাসে বিরল বলে উল্লেখ করেন। তিনি বলেন, কর্তব্যরত অবস্থায় আইইডিসিআরের পরিচালকের অফিসকক্ষে ঢুকে তাঁকে শারীরিকভাবে আঘাত ও অপদস্থ করার ঘটনা কোনোভাবেই ক্ষমাযোগ্য নয়। ডা. শাফী আরও বলেন, এমন ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। দলীয় পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়া হলে তা ফ্যাসিবাদী আমলের মতো বিশৃঙ্খলার পথ তৈরি করবে। একটি প্রতিষ্ঠানের পরিচালকের সঙ্গে এমন আচরণ কর্মকর্তা-কর্মচারীদের স্তম্ভিত ও হতবাক করেছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট মহাপরিচালক ও প্রশাসনের যথাযথ সিদ্ধান্তের প্রত্যাশা জানান। তার মতে, প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে কর্মকর্তাদের আস্থার জায়গাটি আরও শক্তিশালী করা জরুরি। এ ঘটনার নিন্দা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক বেনজীর আহমেদও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সরকারি দায়িত্ব পালনের সময় আইইডিসিআরের পরিচালকের ওপর হামলার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। বেনজীর আহমেদ বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আইইডিসিআরের পরিচালকের ওপর হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এ এস এম রিয়াজ উদ্দিন হায়দারও। তিনি ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স