|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ভূতের ছড়া

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১১:০০ এএম
৩১৬ পঠিত
ভূতের ছড়া
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ভূতের ছড়া আহমেদ সাব্বির একটা ভূতের দুইটা মাথা চারখানা হাত, ছয় পা ভেংচি কেটে বলল, রতন

ভূতের ছড়া

আহমেদ সাব্বির

একটা ভূতের দুইটা মাথা

চারখানা হাত, ছয় পা

ভেংচি কেটে বলল, রতন

তুই আমাকে ভয় পা।

ভয় না পেলে করব আদর

ছয় পা দিয়ে চটকে

হাঁটুতে সুড়সুড়ি দেব

শেওড়াগাছে লটকে।

লাল করলার ঝোল খাওয়াব

সঙ্গে ঝালের লাচ্ছি

ভয় পা রতন, বল চেঁচিয়ে-

‘ও বাবা, ভয় পাচ্ছি।’

ভূতের কথায় ভয় পাবে কি?

উঠল হাসির হেঁচকি

ভূত তো অবাক! দুষ্টু বালক

ভয় পায় না, কেস কী?

হেঁচকি হাসি থামিয়ে রতন

বলল, ও ভূত ভাইডি

ভয় যে পাব আছে তোমার

রেজিস্ট্রেশন আইডি?

সার্টিফিকেট ছাড়াই বুঝি

বেড়াও মানুষ দাবড়ে

রতন এসব বলল যখন,

ভূতটা গেল ঘাবড়ে।

‘এনআইডি কার্ড আনছি’ বলে

মুহূর্তে একঝটকায়

ভূতটা ছুটে উঠল সোজা

শেওড়াগাছের মটকায়।

মটকা থেকে কক্ষনো সে

বাড়ায়নি আর মুখটা

রতনবাবুর ভয়ে আজও

কুঁকড়ে থাকে বুকটা।

সূত্র: প্রথম আলো