|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হেমায়েতপুরে কারখানায় হামলা-ভাঙচুর, সাংবাদিককে মারধর

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৮:২৯ পিএম
২৬৭ পঠিত
হেমায়েতপুরে কারখানায় হামলা-ভাঙচুর, সাংবাদিককে মারধর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ঢাকার সাভারের হেমায়েতপুরে একেএইচ গ্রুপের একটি কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় কারখানার কাচ ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে...

ঢাকার সাভারের হেমায়েতপুরে একেএইচ গ্রুপের একটি কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় কারখানার কাচ ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে বিক্ষোভকারীদের মারধরের শিকার হয়েছেন স্থানীয় এক সাংবাদিক।

রোববার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হেমায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলমান শ্রমিক বিক্ষোভের মধ্যে দুপুরে হেমায়েতপুরের আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। তবে একেএইচ গ্রুপের একটি কারখানায় তখনো কাজ চলছিল। ছুটি ঘোষণা করা কারখানার শ্রমিকদের একটি অংশ ওই কারখানার সামনে গিয়ে শ্রমিকদের বের হয়ে আসতে বলেন। কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা না করায় একপর্যায়ে বিক্ষোভকারীরা কারখানা চত্বরে প্রবেশ করেন। এরপর কারখানার কাচ ও ভেতরে থাকা বেশ কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করেন তারা।

পরে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।

একেএইচ গ্রুপের ওই কারখানার এক কর্মকর্তা বলেন, দুপুর আড়াইটার দিকে পাশের ছুটি ঘোষণা করা কারখানার ১৫-২০ জন শ্রমিক এসে আমাদের কারখানার গেট ভাঙচুর করেন। এরপর তাদের সংখ্যা বাড়তে বাড়তে ৫০০-৬০০ জন হয়। তারা কারখানার ভেতরে ঢুকে যেভাবে পেরেছেন, সেভাবে ভাঙচুর করেছেন। স্টাফদের যাকে পেয়েছেন, তাকেই মারধর করেছেন।

এদিকে, ঘটনার তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে বিক্ষোভকারীদের মারধরের শিকার হন প্রাইম টিভির সাভার উপজেলা প্রতিনিধি গোপাল মালাকার। পরে সাভার মডেল থানার পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

গোপাল মালাকার বলেন, ‘ভিডিও করার সময় কয়েকজন বিক্ষোভকারী জানতে চান, কেন ভিডিও করছি। এরপরই তারা আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়।’

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন বলেন, দুপুরে শ্রমিকেরা হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলেন। শ্রমিকদের বেতন বৃদ্ধিসংক্রান্ত দাবির বিষয়ে সরকার ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে, বিষয়টি তাদের বুঝিয়ে বলার পর বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যান। 

সূত্র: নতুন আরএসএস সোর্স