সমন্বিত কৃষিনীতি থাকলে দেশের সমৃদ্ধি টেকসই হবে: রিজভী
গণমাধ্যম ডেক্স
একটি সমন্বিত কৃষিনীতি প্রণয়ন করা গেলে দেশের সমৃদ্ধি আরও দ্রুত ও টেকসই হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, কৃষি আমাদের খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানের মূল ভিত্তি। তবে উৎপাদন, বাজার, প্রযুক্তি ও কৃষকের জীবনমান- এই ৪টি বিষয়কে একসঙ্গে বিবেচনায় না আনলে কৃষির প্রকৃত অগ্রগতি সম্ভব নয়।
সোমবার (২ নভেম্বর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: প্রতিষ্ঠা, অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা ও কৃষি খাতের প্রয়োজনীয় সংস্কারের ওপর জোর দিয়ে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকলে দেশের শিক্ষা ও কৃষিখাত গতি পায়।
অতীতে শিক্ষা খাতে অর্জিত অগ্রগতি বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনে কাজ শুরু করেছে এবং এতে সবার সহযোগিতা প্রয়োজন।
সিলেটের কৃতী সন্তান ও সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তার দূরদর্শী চিন্তা ও উদ্যোগের ফলেই এ অঞ্চলে উচ্চশিক্ষা ও কৃষিশিক্ষার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, যা স্থানীয় মানুষ চিরকাল মনে রাখবে।
কৃষিজমি রক্ষা ও পতিত জমির সুষ্ঠু ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পতিত জমি চিহ্নিত করে সেচ ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা দিলে খাদ্যের ওপর নির্ভরতা অনেকটাই কমে আসবে।
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল পরিচয় তার শিক্ষা, গবেষণা ও নতুন নতুন উদ্ভাবনে। জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলানো এবং গবেষণালব্ধ আধুনিক প্রযুক্তি সরাসরি মাঠপর্যায়ে নিয়ে যেতে সিকৃবিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জাতীয় দিবস উদযাপন কমিটি-২০২৬-এর সভাপতি ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবালের সভাপতিত্বে সভায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জালালাবাদ গ্যাসের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী।
এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন- সিকৃবির ট্রেজারার ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. শাহজাহান মজুমদার, এ্যাব-এর আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার ও সদস্য-সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।
সূত্র: কালবেলা