|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পরাজিতদের হাতে চ্যাম্পিয়ন ড্যাফোডিল হামলার শিকার 

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৫:৩০ পিএম
৩৬০ পঠিত
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পরাজিতদের হাতে চ্যাম্পিয়ন ড্যাফোডিল হামলার শিকার 
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশকে (AIUB) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।  মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পর ড্যাফোডিলের শিক্ষার্থীদের ওপর এআইইউবির শিক্ষার্থীদের কর্তৃক অতর্কিত হামল...

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশকে (AIUB) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। 

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পর ড্যাফোডিলের শিক্ষার্থীদের ওপর এআইইউবির শিক্ষার্থীদের কর্তৃক অতর্কিত হামলা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বেশকিছু সংখ্যক বাস ভাঙচুর এবং উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীকে গুরুতর আহত করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আনভীর-বসুন্ধরা গ্রুপের উদ্যোগে আয়োজিত এবিজি ইউনিভার্সিটি কাপ আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে একটি প্রশংসনীয় উদ্যোগ। এমন একটি আয়োজন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইতিবাচক সম্পর্ক ও ক্রীড়াসংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট আয়োজকদের আন্তরিকভাবে সাধুবাদ জানায়। 

একই সঙ্গে, ঘটনার সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তায় অ্যাম্বুলেন্স এবং শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বাসগুলোকে নিরাপদে ঘটনাস্থল ত্যাগে নিরাপত্তা সহযোগিতা প্রদানের জন্য বসুন্ধরা গ্রুপ কর্তৃপক্ষের প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

যদিও অত্যন্ত দুঃখজনকভাবে, ফাইনাল ম্যাচ শেষে খেলার ফলাফলকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। এআইইউবির একদল শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে মাঠের বাইরে অবস্থান করে ড্যাফোডিলের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকটি বাসে ভাঙচুর করা হয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা লাঞ্ছিত হন ।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আহত শিক্ষার্থীদের বহন করা এম্বুলেন্স, ৩০টিরও বেশি বাসে প্রায় হাজার খানেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কয়েক ঘণ্টা ঘটনাস্থলে অবরুদ্ধ অবস্থায় থাকেন। পরবর্তীকালে বসুন্ধরা গ্রুপের নিরাপত্তাকর্মী ও পুলিশের নিরাপত্তা সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বাস, শিক্ষার্থী ও কর্মকর্তারা নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন। হামলা ও ভাঙচুরের ঘটনায় বাসে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক ও মানসিক ভীতির সৃষ্টি হয়। 

উল্লেখ্য, এ ঘটনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস ও ছয়টি নন-এসি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আহত ২০ জনের অধিক শিক্ষার্থী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়াও আরও বেশ কয়েকজন আহত শিক্ষার্থী চিকিৎসা গ্রহণ করছেন। 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বাস করে, খেলাধুলা পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সম্প্রীতি ও সৌহার্দ্য বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে মেনে নেওয়া এবং প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন করাই প্রকৃত ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয়। তাই খেলার মাঠের ফলাফলকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা বা অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই কাম্য নয়।

সংশ্লিষ্ট ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। একই সঙ্গে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধাবোধ, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ আচরণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হচ্ছে। 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশা করে, এবিজি ইউনিভার্সিটি কাপের মতো প্রশংসনীয় উদ্যোগ ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে এবং সব অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্বশীলতায় একটি নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ভবিষ্যৎ অংশগ্রহণের বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করা প্রত্যাশিত।

সূত্র: নতুন আরএসএস সোর্স