|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ, বিশেষ ছাড়

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৭:৪২ পিএম
৪০১ পঠিত
সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ, বিশেষ ছাড়
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ঋণখেলাপি হওয়া সত্ত্বেও সিটি গ্রুপের ৫টি প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার চলতি মূলধন ঋণ দিতে বিশেষ আইনি ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক (৩) ধারার বিধান থেকে প্রতিষ্ঠানগুলোকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে।  কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে...

ঋণখেলাপি হওয়া সত্ত্বেও সিটি গ্রুপের ৫টি প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার চলতি মূলধন ঋণ দিতে বিশেষ আইনি ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক (৩) ধারার বিধান থেকে প্রতিষ্ঠানগুলোকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে সিটি ব্যাংকের নেতৃত্বে গঠিতব্য সিন্ডিকেটের মাধ্যমে গ্রুপটির প্রতিষ্ঠানগুলোকে নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে আইনি বাধা থাকছে না।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে সিটি গ্রুপভুক্ত ৫টি প্রতিষ্ঠানের অনুকূলে সিন্ডিকেটেড চলতি মূলধন ঋণ সুবিধা প্রদানের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক (৩) ধারার বিধান থেকে বিশেষ অব্যাহতি দেওয়া হয়েছে।

সাধারণত কোনো খেলাপি ঋণগ্রহীতাকে ব্যাংক নতুন করে ঋণসুবিধা দিতে পারে না। তবে বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমোদন ও নির্ধারিত শর্তের আওতায় এ বিধান থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ রয়েছে।

নতুন করে চলতি মূলধন ঋণ হিসেবে ৮টি ব্যাংকের কাছ থেকে ১ হাজার ৭০০ কোটি টাকা পাবে সিটি গ্রুপ। আগামীকাল ব্যাংকগুলোর সঙ্গে গ্রুপটির ঋণচুক্তি সই হওয়ার কথা রয়েছে। এরপর আগামী রোববার থেকে গ্রুপটির চাহিদা অনুযায়ী ঋণের অর্থ ছাড় শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাংকাররা।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাশরুর আরেফিন বলেন, সিটি গ্রুপের ৫টি প্রতিষ্ঠানের আগামী রমজান উপলক্ষে কাঁচামাল আমদানির জন্য ১ হাজার ৭০০ কোটি টাকার সিন্ডিকেটেড চলতি মূলধন ঋণ দিতে আটটি ব্যাংক সম্মত হয়েছে।

তিনি বলেন, সিটি ব্যাংক এ ঋণের মধ্যে ৩০০ কোটি টাকা দেবে। বাকি ৭টি ব্যাংক প্রত্যেকে ২০০ কোটি টাকা করে মোট ১ হাজার ৪০০ কোটি টাকা দেবে।

মাশরুর আরেফিন আরও বলেন, সিটি গ্রুপের সঙ্গে ব্যাংকগুলোর আগামীকালের মধ্যে ঋণচুক্তি সই হবে। এরপর আগামী রোববার থেকে গ্রুপটির চাহিদা অনুযায়ী ঋণের অর্থ ছাড় করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, সিটি গ্রুপভুক্ত ঋণখেলাপি ৫টি প্রতিষ্ঠান- সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি এডিবল অয়েল লিমিটেড, সিটি ডাল মিলস লিমিটেড ও শম্পা ফ্লাওয়ার মিলস লিমিটেডের অনুকূলে ৩ হাজার কোটি টাকার চলতি মূলধন ঋণ সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

এ ঋণ সুবিধা দিতে সিটি ব্যাংক পিএলসির নেতৃত্বে একটি সিন্ডিকেটেড অর্থায়ন গঠন করা হবে। এ ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক (৩) ধারায় বর্ণিত বিধান ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে না বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স