শিশুদেরই গড়তে হবে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
গণমাধ্যম ডেক্স
প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:১৬ পিএম
শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়ে একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এই বাংলাদেশ তোমাদের গড়তে হবে, তোমাদের তৈরি করতে হবে। বাংলাদেশকে পৃথিবীর বুকে শক্তিশালী হিসেবে দাঁড় করাতে হবে। তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদে...
শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়ে একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এই বাংলাদেশ তোমাদের গড়তে হবে, তোমাদের তৈরি করতে হবে। বাংলাদেশকে পৃথিবীর বুকে শক্তিশালী হিসেবে দাঁড় করাতে হবে। তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর এবং এই দেশের মালিক।’
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনের বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে শিশুদের শুধু পড়ালেখায় সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শিল্পকলা, সংস্কৃতি ও বিদেশি ভাষা শেখার প্রতিও গুরুত্ব দিতে হবে। শিশুদের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে পারলে তারাই ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
তিনি বলেন, পড়ালেখা করে কেউ ডাক্তার, কেউ প্রকৌশলী, স্থপতি কিংবা আইনজীবী হবে। তবে এর পাশাপাশি খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিতেও দক্ষতা অর্জন করতে হবে। শুধু শিক্ষার মাধ্যমে বিশ্ব জয় সম্ভব নয়। বিশ্বে এগিয়ে যেতে হলে জ্ঞান, খেলাধুলা, শিল্প ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রেই পারদর্শী হতে হবে।
শিশু-কিশোরদের উদ্দেশে তারেক রহমান বলেন, তোমরা পারো, ইউ ক্যান ডু ইট। তোমরা পড়ালেখা করতে পারো, খেলাধুলা করতে পারো, একইভাবে শিল্প ও সংস্কৃতিতেও দক্ষতা অর্জন করতে পারো। অনুষ্ঠানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থীরা খেলাধুলার পাশাপাশি নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেছে। এর মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে, একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করা সম্ভব।
প্রধানমন্ত্রী বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখ শিশু-কিশোরের অংশগ্রহণ প্রমাণ করে, দেশের শিশুদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই। তাদের প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সুযোগ ও পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব। আগামী জুন মাসে এ আয়োজনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, সরকার এমন একটি পরিবেশ তৈরি করতে চায়, যেখানে শিশুরা নির্বিঘ্নে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে। এ লক্ষ্যে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে।
এ সময় বাংলা ও ইংরেজির পাশাপাশি শিশুদের তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আরও ছয়-সাতটি বিদেশি ভাষার মধ্য থেকে প্রত্যেক শিশুকে একটি ভাষা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায় এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সূত্র: নতুন আরএসএস সোর্স