|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রোনালদোর অবসর নিয়ে মুখ খুললেন পর্তুগাল কোচ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ১০:১৬ এএম
২৬৬ পঠিত
রোনালদোর অবসর নিয়ে মুখ খুললেন পর্তুগাল কোচ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছেন পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ জর্জ জেসুস। রোনালদোকে জাতীয় দল থেকে অবসর না নেওয়ার অনুরোধ করেছিলেন বলেও জানিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত পর্তুগিজ তারকার সিদ্ধান্ত মেনে নিয়েছেন কোচ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক ফুট...

আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছেন পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ জর্জ জেসুস। রোনালদোকে জাতীয় দল থেকে অবসর না নেওয়ার অনুরোধ করেছিলেন বলেও জানিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত পর্তুগিজ তারকার সিদ্ধান্ত মেনে নিয়েছেন কোচ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী রোনালদো। এর মধ্য দিয়ে পর্তুগালের জার্সিতে ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে দেশটির সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হিসেবে বিদায় নিচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

পর্তুগিজ সম্প্রচারমাধ্যম ক্যানাল ১১-কে দেওয়া সাক্ষাৎকারে জর্জ জেসুস বলেন, রোনালদোর সঙ্গে প্রথমবার জাতীয় দলে ডাক দেওয়ার আগেই তার কথা হয়েছিল। তখনই তাকে খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন তিনি।

জেসুস বলেন, ‘প্রথমবার দল ঘোষণার আগে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। আমি তাকে আমার সঙ্গে খেলা চালিয়ে যেতে বলেছিলাম। কারণ, আমার পাশে তাকে প্রয়োজন ছিল। তবে তার সিদ্ধান্ত আমাকে মেনে নিতে হবে।’

রোনালদোর প্রশংসা করে পর্তুগাল কোচ আরও বলেন, ‘আল-নাসরে তার সঙ্গে এক বছর কাজ করার সুযোগ হয়েছে আমার। সে সব সময় আমাদের জাতীয় দল, দেশের মানুষ এবং ফুটবল ইতিহাসের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।’

রোনালদোর অবসরের সিদ্ধান্তের পাশাপাশি তার সম্মানে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন জর্জ জেসুস। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) অডিটোরিয়ামে রোনালদোর একটি বড় ছবি স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

তরুণ ফুটবলার, কর্মকর্তা ও ফেডারেশনে আসা অন্যদের সামনে রোনালদোর অর্জন তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার সাফল্য থেকে অনুপ্রেরণা নিতে পারে।

এদিকে পর্তুগিজ ফুটবলকে রোনালদোর অসামান্য অবদানের স্বীকৃতি দিতে যথাযথ বিদায় সংবর্ধনার আয়োজন করতে চায় দেশটির ফুটবল ফেডারেশন। তবে সেই আয়োজনের বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি।

রোনালদোর অবসরের সিদ্ধান্তের পেছনে কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের অবনতির বিষয়টিও আলোচনায় এসেছে। গত সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলে পর্তুগিজ সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখার পর ডেনমার্কের বিপক্ষে পরবর্তী ম্যাচেও তাকে শুরুর একাদশে রাখা হবে না বলে জানতে পারেন এই ফরোয়ার্ড। এরপর জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান তিনি। এ ঘটনায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন শাস্তিমূলক ব্যবস্থা নেয়। পরে তাকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যদিও জর্জ জেসুস এর আগে জানিয়েছিলেন, জাতীয় দলে রোনালদোর ফেরার দরজা খোলা রয়েছে। তবে অবসরের ঘোষণা দেওয়ার আগে ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েনসাকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন রোনালদো। জেসুসের সঙ্গে আগে এ বিষয়ে আলোচনা করেননি বলেও খবর প্রকাশিত হয়েছে।

২০০৩ সালের আগস্টে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় রোনালদোর। দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও তার দখলে।

২০১৬ সালে তার নেতৃত্বেই প্রথমবারের মতো বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জেতে পর্তুগাল। এরপর ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপাও জেতে দলটি।

এছাড়া ২০২৬ বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাসের প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন রোনালদো।

তবে জাতীয় দলকে বিদায় জানালেও এখনই ফুটবলকে বিদায় বলছেন না এই তারকা। সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার কথা রয়েছে তার।

সূত্র: কালবেলা