|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রেনাটার মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০২:৪৭ পিএম
৩৯৬ পঠিত
রেনাটার মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ওষুধ খাতের কোম্পানি রেনাটা সমন্বিতভাবে ১০২ কোটি টাকা মুনাফা করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৪ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের জুলাই–সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের একই সময়ে কোম্পানিটির মুনাফা ২৮ কোটি টাকা বা প্রায় ৩৮ শতাংশ বেড়েছে।

আজ রোববার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে রেনাটা ও সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে সমন্বিতভাবে ১ হাজার ২৬০ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ১৩১ কোটি টাকা। সেই হিসাবে গত অর্থবছরের প্রথম প্রান্তিকের চেয়ে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ব্যবসা বেড়েছে ১২৯ কোটি টাকার বা প্রায় সাড়ে ১১ শতাংশ।

রেনাটা বলছে, রাজস্ব বৃদ্ধির প্রধান চালিকা শক্তি ছিল বিক্রির পরিমাণ বৃদ্ধি। এর মধ্যে ওষুধ খাতের রাজস্ব ৮ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৯১ কোটি টাকা, প্রাণিস্বাস্থ্য খাতের রাজস্ব ১৯৭ কোটি টাকা এবং চুক্তিভিত্তিক উৎপাদন থেকে আয় ৬৫ কোটি টাকা। সহযোগী প্রতিষ্ঠানসহ রপ্তানি আয় হয়েছে ১০৯ কোটি টাকা।

রেনাটা আরও বলছে, তাদের মোট ঋণের পরিমাণ ৫২১ কোটি টাকা কমে ২ হাজার ৪ কোটি টাকা থেকে ১ হাজার ৪৮৩ কোটি টাকায় নেমে এসেছে। এ ছাড়া নিট মুনাফা বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে রাজস্বের তুলনায় মোট মুনাফা অর্জনের হার বৃদ্ধি এবং অর্থায়ন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া। এ উন্নতির প্রতিফলন দেখা গেছে সুশৃঙ্খল ক্রয় কার্যক্রম ও মজুত ব্যবস্থাপনায়; কারখানার পরোক্ষ ব্যয় বৃদ্ধির হার ৫ দশমিক ৪ শতাংশের মধ্যে সীমিত রাখা সম্ভব হয়েছে। তবে ব্যবসার বিভিন্ন খাতের বিক্রির অনুপাতগত পরিবর্তনের কারণে আগের বছরের তুলনায় বিক্রীত পণ্যের ব্যয় বেড়েছে।

রেনাটা জানিয়েছে, প্রথম প্রান্তিকে তাদের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ৩৭ দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ৮ দশমিক ৮৭ টাকা। শেয়ারপ্রতি পরিচালন কার্যক্রম থেকে নগদপ্রবাহ (এনওসিএফপিএস) ৭৪ দশমিক ২ শতাংশ বেড়ে ২১ দশমিক ৯৮ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ৩৩৯ দশমিক ৩১ টাকা হয়েছে।

গবেষণা ও উন্নয়ন এবং নতুন পণ্য উদ্ভাবনে গুরুত্ব দিয়ে আসছে রেনাটা। আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ১০০টি বায়োইকুইভ্যালেন্ট পণ্য উন্নয়ন করেছে। নিয়ন্ত্রিত বাজারগুলোর জন্য পণ্য পুনঃ উন্নয়ন এবং ইনজেকটেবল, ক্যানসারবিরোধী ও অন্যান্য বিশেষায়িত পণ্যের উন্নয়ন-পাইপলাইন সম্প্রসারণের কাজ চলছে। বর্তমানে ৭৭টি আন্তর্জাতিক বাজারে রেনাটার উপস্থিতি রয়েছে।

সূত্র: প্রথম আলো