|
| |
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের প্রেমের সম্পর্ক ছিল, দাবি মার্কিন গোয়েন্দাদের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ০২:৫৭ এএম
২৯২ পঠিত
চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের প্রেমের সম্পর্ক ছিল, দাবি মার্কিন গোয়েন্দাদের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা গুপ্তচর সন্দেহে এক নারীর প্রেমের সম্পর্ক ছিল বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা, জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।

বিশ্বের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ হয়ে ওঠা এক নারী চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। ওই নারীকে জেনসেন হুয়াং সম্পর্কে তথ্য সংগ্রহের দায়িত্ব দিয়েছিল চীনের গোয়েন্দা সংস্থা।

গত শুক্রবার দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস শুক্রবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা মনে করেন, জেনসেন হুয়াংয়ের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল।

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, একটি গোয়েন্দা স্মারকলিপির মাধ্যমে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এসব অভিযোগ সম্পর্কে জানতে পারেন।

অ্যালিস হুয়াং নামের ওই নারী এশীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের একজন নির্বাহী। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সূত্রের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অ্যালিস হুয়াংকে নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি চালানো হয়েছিল। তিনি চীনের প্রভাবশালী গোয়ঢেন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) হয়ে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির চিপ সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছিল চীনের এই গোয়েন্দা সংস্থা। পাশাপাশি এনভিডিয়াকে তাদের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর চিপ চীনের জন্য সহজলভ্য করতে প্ররোচিত করার পরিকল্পনাও ছিল। তবে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কখন বা কীভাবে পরিচয় হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। এবারের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টি। অন্যদিকে রিপাবলিকানরাও জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথিত ওই চীনা গুপ্তচরের সম্পর্ক নিয়ে তদন্ত করছেন।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের চীনবিষয়ক বিশেষ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা জেনসেন হুয়াংকে একটি চিঠি পাঠিয়েছে। এতে তাঁকে যৌথভাবে আয়োজিত রুদ্ধদ্বার ব্রিফিংয়ে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

কমিটির বিবৃতিতে বলা হয়েছে, মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগ এবং বিদেশি প্রতিপক্ষের গুপ্তচরবৃত্তি ঠেকাতে এনভিডিয়ার নিরাপত্তাব্যবস্থা নিয়ে আইনপ্রণেতাদের উদ্বেগের কথা চিঠিতে তুলে ধরা হয়েছে।

মেগাস্পিড এনভিডিয়ার ক্লাউড পার্টনার নেটওয়ার্কের অংশ। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কাছ থেকে সরঞ্জাম কেনে এবং এআই প্রযুক্তি নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কম্পিউটিং সক্ষমতা ভাড়া দেয়।

দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন প্রকাশের পর এক বিবৃতিতে এনভিডিয়া জানিয়েছে, তাদের ক্লাউড পার্টনাররা যুক্তরাষ্ট্রের আইন পরিবর্তনের জন্য কোম্পানিটিকে অনুরোধ করে না কিংবা চীনের কাছে পণ্য বিক্রির পক্ষে প্রচারণাও চালায় না।

এনভিডিয়া আরও বলেছে, তাদের ক্লাউড পার্টনার নেটওয়ার্কের (এনসিপি) গ্রাহকদের মাধ্যমে কেউ গোপনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করলে তাতে সফল হওয়ার সুযোগ ছিল না। কোম্পানিটির ভাষ্য, তাদের কাছে কোনো গোপনীয় তথ্য নেই এবং গ্রাহকদের সঙ্গে এমন তথ্য বিনিময়ও করা হয় না।

অ্যালিস হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ নিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে এনভিডিয়া জেনসেন হুয়াংয়ের আগের বক্তব্যের কথা উল্লেখ করে। এর আগে জেনসেন হুয়াং বলেছিলেন, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল স্বাভাবিক ব্যবসায়িক সম্পর্ক।

গত সপ্তাহে এক সাক্ষাৎকারে মেগাস্পিডের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের পক্ষে কথা বলেন জেনসেন হুয়াং। তিনি এ সম্পর্ককে ‘স্বাভাবিক এবং অস্বাভাবিক কিছু নয়’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, মেগাস্পিড যেন এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রসেসর অবৈধভাবে চীনে পাঠাতে না পারে, তা নিশ্চিত করতে কোম্পানিটি যাচাই-বাছাই করেছে।

এ বিষয়ে মন্তব্য জানতে শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের (ওডিএনআই) সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

সূত্র: প্রথম আলো