|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণের বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত জানাল মালয়েশিয়া

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:২৬ পিএম
৩২৩ পঠিত
জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণের বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত জানাল মালয়েশিয়া
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ভারতীয় কর্তৃপক্ষের কাছে ইসলামি বক্তা ড. জাকির নায়েককে প্রত্যর্পণের কোনো অঙ্গীকার করেনি মালয়েশিয়া। একই সঙ্গে তাকে ভারতে ফেরত না পাঠানোর সিদ্ধান্ত থেকেও সরে আসেনি দেশটির সরকার। মঙ্গলবার (৩ নভেম্বর) দ্য সান মালয়েশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইস...

ভারতীয় কর্তৃপক্ষের কাছে ইসলামি বক্তা ড. জাকির নায়েককে প্রত্যর্পণের কোনো অঙ্গীকার করেনি মালয়েশিয়া। একই সঙ্গে তাকে ভারতে ফেরত না পাঠানোর সিদ্ধান্ত থেকেও সরে আসেনি দেশটির সরকার।

মঙ্গলবার (৩ নভেম্বর) দ্য সান মালয়েশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১৯৯২ সালের প্রত্যর্পণ আইন এবং ২০১০ সালে মালয়েশিয়া-ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ড. জাকির নায়েককে প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকারের কাছ থেকে এখন পর্যন্ত নতুন কোনো আবেদন পায়নি মালয়েশিয়া।

সংসদে লিখিত এক জবাবে সাইফুদ্দিন বলেন, ভারত সরকার ২০১৮ সালের ১৯ জানুয়ারি প্রথম আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে প্রত্যর্পণের আবেদন জানিয়েছিল। পরে ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক নোটের মাধ্যমে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানায় ভারত।

তিনি স্পষ্ট করে বলেন, ‘মালয়েশিয়া সরকার ড. জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কোনো অঙ্গীকারও করা হয়নি।’

সংসদ সদস্য দাতুক ড. আহমদ মারজুক শারির এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আহমদ মারজুক জানতে চেয়েছিলেন, জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সর্বশেষ আবেদন কবে পাওয়া গেছে এবং এ-সংক্রান্ত নথিপত্র ও প্রমাণ ১৯৯২ সালের প্রত্যর্পণ আইন ও দুই দেশের চুক্তির শর্ত পূরণ করে কি না।

এ ছাড়া জাকির নায়েককে প্রত্যর্পণের বিষয়ে মালয়েশিয়া সরকার ভারতকে কোনো নিশ্চয়তা দিয়েছে কি না, সে বিষয়েও জানতে চান তিনি।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ভারতের প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে মালয়েশিয়ার আইনি ও কূটনৈতিক অবস্থান স্পষ্ট করার দাবি ওঠে। বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকেও আলোচনায় আসে বলে জানা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলে নিশ্চিত করেছিলেন আনোয়ার ইব্রাহিম। তবে আলোচনা হয়েছিল রুদ্ধদ্বার বৈঠকে।

উল্লেখ্য, ড. জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তাকে ভারতে ফেরত পাঠানোর বিষয়টি দীর্ঘদিন ধরে দুই দেশের কূটনৈতিক আলোচনার একটি ইস্যু হিসেবে রয়েছে।

সূত্র: দ্য সান মালয়েশিয়া

সূত্র: কালবেলা