|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

টরন্টোতে রুমানা চৌধুরীকে নিয়ে ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া’

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৩৯ এএম
৪৪৩ পঠিত
টরন্টোতে রুমানা চৌধুরীকে নিয়ে ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া’
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রুমানা চৌধুরীর চার দশকের সাংস্কৃতিক যাত্রা নিয়ে বাচনিকের বিশেষ আয়োজন

কানাডার টরন্টোয় কবি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুমানা চৌধুরীকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আবৃত্তি ও সাংস্কৃতিক সংগঠন ‘বাচনিক’। ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে তুলে ধরা হবে তার চার দশকেরও বেশি সময়ের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে পথচলা, অভিজ্ঞতা ও সৃজনশীল কর্মযাত্রা। আয়োজকদের ভাষ্য, একটি শহরের সাংস্কৃতিক পরিচয় গড়ে ওঠে তার মানুষের সৃজনশীলতা, চর্চা ও দীর্ঘদিনের সাংস্কৃতিক পথচলার মধ্য দিয়ে। সেই পথচলায় যারা নীরবে নিজেদের মেধা ও সৃষ্টিশীলতার স্বাক্ষর রেখে গেছেন, তাদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। রুমানা চৌধুরী টরন্টোর কবিতা ও সাংস্কৃতিক পরিমণ্ডলের পরিচিত মুখ। লেখক, কবি, অনুবাদক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, কলামিস্ট, সাহিত্য সমালোচক, আবৃত্তিশিল্পী ও উপস্থাপক হিসেবে তার বিচরণ। বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই রয়েছে তার সাহিত্যচর্চা। কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধসহ বিভিন্ন বিষয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫৫টি। তার উল্লেখযোগ্য গ্রন্থ ‘ডাস্ক ইন দ্য ফ্রগ পন্ড এন্ড আদার স্টোরিস’ ২০২২ সালে আন্তর্জাতিক আইপিপিওয়াই বুক অ্যাওয়ার্ডের মাল্টিকালচারাল ফিকশন বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করে। এ ছাড়া ২০১০ সালে ‘উইম্যান অব দ্য ইয়ার’ (কানাডা), ২০১৬ সালে ‘বেস্ট রাইটার এন্ড ট্রান্সলেটর ফর ডায়াস্পোরা লিটারেচার’ ২০১৯ সালে কবি জসীমউদ্দিন অ্যাওয়ার্ড’-সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। আয়োজকদের মতে, নতুন প্রজন্মের কাছে পূর্বসূরিদের অভিজ্ঞতা, শ্রম ও সৃজনশীলতার গল্প তুলে ধরা জরুরি। তাদের সাংস্কৃতিক অবদান ও পথচলার ইতিহাস জানার মধ্য দিয়ে নতুনদের জন্য তৈরি হতে পারে অনুপ্রেরণার ক্ষেত্র। সেই ভাবনা থেকেই বাচনিকের এই বিশেষ আয়োজন। আগামী শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টরন্টোর ২৬৭০ ড্যানফোর্থ অ্যাভিনিউয়ের বিসিসিএস সেন্টারে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি। আয়োজক সংগঠন বাচনিকের পক্ষ থেকে সবাইকে বন্ধু ও স্বজনসহ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।