মালয়েশিয়ায় চাকরি: ৪ হাজার প্রার্থীর মধ্যে প্রাথমিকভাবে ৩০০ নির্বাচিত
গণমাধ্যম ডেক্স
প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:০২ পিএম
মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি-এ শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের লক্ষ্যে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে পাওয়া আবেদন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে এই লটারি কার্যক্রম সম্...
মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি-এ শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের লক্ষ্যে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে পাওয়া আবেদন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে এই লটারি কার্যক্রম সম্পন্ন হয়।
রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে লটারি কার্যক্রমটি পরিচালিত হয়।
নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন করেন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রার্থীদের তালিকা শীঘ্রই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন-এর প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে গ্রহণ করা হবে। পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার হিসেবে আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি প্রেরণের যে লক্ষ্য রয়েছে, এ ধরনের উদ্যোগ তা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রীর ঘোষিত জিরো কস্টে কর্মী প্রেরণের প্রতিশ্রুতিও বাস্তব রূপ পাচ্ছে।’
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, ‘সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে এই প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে আমরা দেশবাসীকে বার্তা দিতে চাই যে, বোয়েসেল সর্বদা স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে কাজ করে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এসব কর্মীদের ফ্লাইট শুরু হবে। এ ছাড়া বোয়েসেল ইতোমধ্যে পর্যটন, ম্যানুফ্যাকচারিং এবং কেয়ারগিভিং সেক্টরে আরও ৫৫৮ জনের চাহিদাপত্র পেয়েছে, যারা মেডিকেল ফি, বিমানভাড়াসহ সম্পূর্ণ খরচ নিয়োগকর্তা কর্তৃক বহনের সুবিধা নিয়ে একদম জিরো কস্টে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূরুন নাহার এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সূত্র: কালবেলা