|
| |
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রাত নামলেই ককটেল আতঙ্ক, বাসে আগুনে উত্তপ্ত রাজধানী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ০৮:৪২ এএম
২৪৪ পঠিত
রাত নামলেই ককটেল আতঙ্ক, বাসে আগুনে উত্তপ্ত রাজধানী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানী ঢাকায় সন্ধ্যা নামতেই বাড়ছে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা। ব্যস্ত সড়ক, পুলিশি স্থাপনা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস; বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গত এক সপ্তাহে অন্তত ১২টি এলাকায় ১৪টি ককটেল বিস্ফোরণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় চারটি বাসে আগুন দেওয়ার...
রাজধানী ঢাকায় সন্ধ্যা নামতেই বাড়ছে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা। ব্যস্ত সড়ক, পুলিশি স্থাপনা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস; বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গত এক সপ্তাহে অন্তত ১২টি এলাকায় ১৪টি ককটেল বিস্ফোরণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ ও নিরাপত্তাকর্মীসহ তিনজন আহত হয়েছেন। পরিস্থিতিকে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা হিসেবে দেখছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। তবে প্রতিটি ঘটনার তদন্ত চলছে। সর্বশেষ রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মালিবাগ ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলটি কার্যালয়ের ভেতরে পার্ক করে রাখা একটি গাড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়। এর আধা ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবী থানার ভেতরেও ককটেল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা থানার ভেতরে ককটেল ছুড়ে মারে। এতে থানার সামনে থাকা একজন এসআরবি সদস্য আহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। এ নিয়ে রোববার রাত পর্যন্ত গত এক সপ্তাহে রাজধানীর আদাবর, শেরেবাংলা নগর, বনানী, মিরপুরসহ অন্তত ১২টি এলাকায় ১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ ও নিরাপত্তাকর্মীসহ তিনজন আহত হয়েছেন। ককটেলে আহত পুলিশ ও সাধারণ মানুষ ককটেল বিস্ফোরণে আহতদের একজন ক্যান্টনমেন্ট থানা পুলিশের টহল গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল। কুর্মিটোলা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হলে বিস্ফোরণে তিনি আহত হন। চোখে আঘাত পাওয়ার পর তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে, মিরপুরের পল্লবী থানাধীন ১২ নম্বর সড়কে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আহত হন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মো. রমজান (২১)। তার শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ২৪ ঘণ্টায় চার বাসে আগুন ককটেল বিস্ফোরণের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। গত ২৪ ঘণ্টায় মিরপুর, মহাখালী ও ভাটারাসহ বিভিন্ন স্থানে চারটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাসগুলো। গত শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে ভাটারা থানার পাশের কোকাকোলা ক্রসিং এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই দিন রাত ১০টার দিকে মিরপুরের ১২ নম্বর এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্ক করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়। এ ছাড়া ভাটারা থানার পাশে ১০০ ফিট সড়কে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পার্কিং করা একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রতিষ্ঠানটির পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, ১০০ ফিট সড়কে স্কুলের চারটি বাস পার্কিং করা ছিল। দুর্বৃত্তরা একটি বাসে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও ৮-৯টি বিস্ফোরণ রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ৮ থেকে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সিনেট ভবন, টিএসসি, নীলক্ষেত গেট, কুয়েত মৈত্রী হলসহ পাঁচটি স্থানে এসব বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ডকুমেন্টেশন প্রদর্শনী কর্মসূচির পেছনে সোহরাওয়ার্দী উদ্যানের বন্ধ গেটসংলগ্ন এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পাশের সড়কেও আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া সিনেট ভবন, নীলক্ষেত গেটের স্বাধীনতা তোরণের নিচে এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সামনেও ককটেল বিস্ফোরিত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন বলেন, সংঘবদ্ধভাবে ৮ থেকে ৯টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, নীলক্ষেত, সিনেট ভবনের গেট ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এলাকায় এসব ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে বিস্ফোরণগুলো ঘটানো হয়। এদিকে টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তবে তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন জানান, মেট্রোরেলের পাশে ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে সাধারণ মানুষ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। নাশকতা ঠেকাতে নজরদারি বাড়িয়েছে পুলিশ রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। সংস্থাটির মিডিয়া বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। ইতোমধ্যে এসব ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্য রয়েছেন। তিনি বলেন, এ ধরনের নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের অপারেশনাল কার্যক্রমও চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া ঠেকাতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিস্ফোরক তৈরির উপাদান সংগ্রহের বিষয়ে জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, এর আগেও গোয়েন্দা পুলিশ (ডিবি) এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করেছে এবং বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছে। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বাসসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগে ব্যবহৃত দাহ্য পদার্থ সংগ্রহের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের পদার্থ ব্যবহার করা হতে পারে। তবে নাশকতার উদ্দেশ্যে কোথাও এসব পদার্থ কেনাবেচা হচ্ছে কি না, তা নজরদারিতে রাখা হয়েছে। তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। নাশকতার উদ্দেশ্যে দাহ্য পদার্থ সংগ্রহকারীদের শনাক্ত করতেও পুলিশের প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। এক সপ্তাহে ধারাবাহিক বিস্ফোরণ ও একের পর এক বাসে আগুনের ঘটনায় রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স