|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মসজিদের দানবাক্সের টাকা চুরির তথ্য চাওয়ায় সাংবাদিকের ওপর হামলা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম
৪৫০ পঠিত
মসজিদের দানবাক্সের টাকা চুরির তথ্য চাওয়ায় সাংবাদিকের ওপর হামলা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নোয়াখালীর চাটখিলে মসজিদের দানবাক্সের টাকা চুরির ঘটনায় জড়িতদের বিষয়ে তথ্য জানতে চাওয়ায় সাংবাদিক মো. সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত মোতাহের হোসেন মোতাসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক। শনিবার (৩১ অক্টোবর) সকালে চ...
নোয়াখালীর চাটখিলে মসজিদের দানবাক্সের টাকা চুরির ঘটনায় জড়িতদের বিষয়ে তথ্য জানতে চাওয়ায় সাংবাদিক মো. সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত মোতাহের হোসেন মোতাসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক। শনিবার (৩১ অক্টোবর) সকালে চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামে মোতাহের হোসেনের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলাম রিয়াদ স্থানীয় পত্রিকা ‘নোয়াখালীর বার্তা’র সম্পাদক, ‘ঢাকা টাইমস’র চাটখিল উপজেলা প্রতিনিধি এবং চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনে চাটখিল উপজেলার বিভিন্ন স্থানে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংঘবদ্ধ একটি চক্র জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর সুন্দরপুর ছমর উদ্দিন তপদার বাড়ি জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি হয়। এ ঘটনায় শনিবার সকালে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে চুরির টাকা মোতাহের হোসেনের জিম্মায় রয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সংবাদ সংগ্রহের অংশ হিসেবে মোতাহের হোসেনের কাছে বিস্তারিত জানতে চান সাংবাদিক রিয়াদ। এতে ক্ষিপ্ত হয়ে মোতাহেরসহ অজ্ঞাতনামা কয়েকজন তার ওপর হামলা চালান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহার অনুযায়ী, হামলাকারীরা কিল-ঘুসি, লাথি ও লোহার রড দিয়ে রিয়াদের হাত, পা, বুক, পিঠ ও মাথায় আঘাত করেন। এ সময় আরমান হোসেন নামে আরও একজন আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাটখিল উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মো. আবু তৈয়ব এবং চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ। মো. আবু তৈয়ব বলেন, ‘সংবাদ সংগ্রহ করতে গিয়ে পেশাগত দায়িত্ব পালনকালে একজন সংবাদকর্মীর ওপর সংঘবদ্ধ চক্রের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ আনিস আহমেদ হানিফ বলেন, ‘স্বাধীন সাংবাদিকতার ওপর এ আঘাত অত্যন্ত নিন্দনীয়। আমরা অবিলম্বে আসামিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

সূত্র: কালবেলা