|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

দেবীদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, এমপির গাড়িবহরে হামলা–ভাঙচুর

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৫:০২ পিএম
২০৩ পঠিত
দেবীদ্বারে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, এমপির গাড়িবহরে হামলা–ভাঙচুর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করেছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগমের (হীরা) গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করেছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগমের (হীরা) গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। আজ রোববার বিকেলে দেবীদ্বার পৌরসভার কালাচান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেবীদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে নিউ মার্কেট চত্বরে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) রাশেদা বেগম। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক এম এ আউয়াল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজবিউল আহসান মুন্সী ও সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বে দেবীদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী।

একই সময়ে কাছাকাছি স্থানে দুই পক্ষের কর্মসূচি ঘিরে সকাল থেকেই উপজেলা সদরে উত্তেজনা ছিল।

কুমিল্লার দেবীদ্বারে সংসদ সদস্যের বহরে থাকা একটি গাড়ি ভাঙ্চুর করা হয়েছে

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, উপজেলা বিএনপির সমাবেশ শেষে একটি মিছিল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। অন্যদিকে রেজবিউল আহসান মুন্সী এবং এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বে সমাবেশ শেষে আরেকটি মিছিল উপজেলা পরিষদের দিকে এগিয়ে যায়। এ সময় সংসদ সদস্য রাশেদা বেগম ও অন্য অতিথিরা উপজেলা পরিষদ চত্বর থেকে গাড়িতে করে চলে যাওয়ার পথে কালাচান মার্কেটের সামনে দুই পক্ষ মুখোমুখি হয়। একপর্যায়ে সংসদ সদস্যের গাড়িতে হাত ও পা দিয়ে আঘাত করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক এম এ আউয়াল খানের গাড়ি ভাঙচুর করা হয়।

আউয়াল খান বলেন, ‘আমরা কর্মসূচি শেষ করে ফেরার পথে কালাচান মার্কেটের সামনে তাঁদের মুখোমুখি হই। তখন তাঁরা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য সেলিম ভূঁইয়া ও সংসদ সদস্য রাশেদা বেগমকে নিয়ে আপত্তিকর স্লোগান দিচ্ছিলেন। আমাদের নেতা–কর্মীরা এ ধরনের স্লোগান দিতে নিষেধ করলে তাঁরা গাড়িবহরে হামলা চালান এবং আমার গাড়ি ভাঙচুর করেন। এতে নেতৃত্ব দেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী নিজেই।’

দেবীদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী। আজ রাতে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনার বিষয়ে আমাদের জানা নেই। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি নিজে তাঁদের গাড়ি ভাঙচুরের হাত থেকে রক্ষা করেছি।’

পৃথক সমাবেশ আয়োজনের বিষয়ে তারেক মুন্সী বলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজবিউল আহসান মুন্সী ও দেবীদ্বার উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল কালামসহ নেতা–কর্মীদের বড় অংশকে অন্য পক্ষের কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়নি। এ কারণে মঞ্জুরুল আহসান মুন্সীকে প্রধান অতিথি করে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থানে বিএনপির পৃথক কর্মসূচি পালনের নজির রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজবিউল আহসান মুন্সী ও সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বে মিছিল বের করা হয়

সংগঠনের কর্মসূচিকে ঘিরে যাঁরা ভীতি প্রদর্শন করতে চান, তাঁদের দলের লোক মনে করবেন কি না, সেই প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য রাশেদা বেগম। তিনি বলেন, ‘তাঁদের কোনো অভিযোগ থাকলে আমাদের সঙ্গে কথা বলতে পারতেন। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মতো এসে আক্রমণ করা, মনে হচ্ছে তাঁরা যেন আওয়ামী লীগেরই (কার্যক্রম নিষিদ্ধ) প্রতিনিধিত্ব করছেন। এ সময় তাঁরা আমাদের গাড়িগুলোতে আঘাত করেন এবং দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়ার নাম ধরে গালাগাল করেন। পরে পুলিশ আমাদের নিরাপত্তা দিয়ে নিয়ে আসে।’

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মরিয়ুজ্জামান রাতে বলেন, একই সময়ে কাছাকাছি স্থানে বিএনপির দুটি পক্ষ সমাবেশ করেছে। সংসদ সদস্য রাশেদা বেগমের নেতৃত্বে একটি কর্মসূচি শেষে তাঁরা চলে যাওয়ার সময় বিএনপির দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। এ সময় এম এ আউয়াল খানের গাড়ির কাচ ভাঙচুর করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁদের নিরাপদে সরিয়ে নেয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উত্তেজনা সৃষ্টি হলেও অন্য কোনো ঘটনা ঘটেনি।

সূত্র: প্রথম আলো