অনুবাদ বিভ্রাটে তারেক রহমানের নাম বদলে হাসিনা, ‘এক্স’ নিয়ে ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী
গণমাধ্যম ডেক্স
প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:৫৩ পিএম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম জানেন না, এমন বিব্রতকর কূটনৈতিক পরিস্থিতিতে পড়তে যাচ্ছিলেন জাপানের বাণিজ্যমন্ত্রী রিয়োসেই আকাজাওয়া। আর এ পরিস্থিতির জন্য দায়ী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) স্বয়ংক্রিয় অনুবাদব্যবস্থা। জাপানি ভাষায় লেখা নিজের পোস্ট ইংরেজিতে অনুবাদের সময় তারেক রহ...
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম জানেন না, এমন বিব্রতকর কূটনৈতিক পরিস্থিতিতে পড়তে যাচ্ছিলেন জাপানের বাণিজ্যমন্ত্রী রিয়োসেই আকাজাওয়া। আর এ পরিস্থিতির জন্য দায়ী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) স্বয়ংক্রিয় অনুবাদব্যবস্থা। জাপানি ভাষায় লেখা নিজের পোস্ট ইংরেজিতে অনুবাদের সময় তারেক রহমানের নামের জায়গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেখানোয় ক্ষোভ প্রকাশ করেছেন । একই ধরনের ভুল তিনবার ঘটেছে জানিয়ে এক্সের অনুবাদব্যবস্থা পর্যালোচনা ও সংশোধনের দাবি জানিয়েছেন তিনি।
গত ২৮ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর নিজের এক্স অ্যাকাউন্টে জাপানি ভাষায় একটি পোস্ট দেন আকাজাওয়া। সেখানে তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করেন এবং দুই নেতার কয়েকটি ছবিও প্রকাশ করেন। বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের প্রত্যাশার কথাও তুলে ধরেন।
আকাজাওয়া লিখেছিলেন, ‘আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছি। তার সঙ্গে দেখা করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। বাংলাদেশ গত ১০ বছরে মাথাপিছু জিডিপি দ্বিগুণ করা দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ। পাওয়ার এশিয়ার মাধ্যমে জ্বালানি সহযোগিতা এবং ইপিএর মাধ্যমে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের মধ্য দিয়ে জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করব।’
কিন্তু পোস্টটির স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদে তারেক রহমানের পরিবর্তে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম চলে আসে। এতে আন্তর্জাতিক পর্যায়ে বিভ্রান্তি তৈরি হয়।
এ ঘটনায় এক্সে ক্ষোভ প্রকাশ করে আকাজাওয়া লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে পোস্ট করার সময় তিনি জাপানি ভাষায় সঠিক নামই লিখেছিলেন। কিন্তু যান্ত্রিক ইংরেজি অনুবাদে নামটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে বিদেশে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে।
এক্সের মালিক ইলন মাস্ককে উদ্দেশ করে তিনি বলেন, সঠিক অনুবাদ দিতে ব্যর্থ এমন একটি প্ল্যাটফর্মের কার্যক্রম নতুন করে পর্যালোচনা ও সংশোধন করা প্রয়োজন।
অনুবাদের ভুলকে গুরুতর উল্লেখ করে আকাজাওয়া বলেন, এর ফলে বাংলাদেশের মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে, জাপানের বাণিজ্যমন্ত্রী তাদের প্রধানমন্ত্রীর নামই জানেন না।
একই ধরনের অভিজ্ঞতা আরও দুবার হয়েছে বলে জানিয়েছেন আকাজাওয়া। এর মধ্যে সর্বশেষ ঘটনাটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে।
তিনি জানান, বৃহস্পতিবার কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে অনলাইন বৈঠকের বিষয়ে পোস্ট দেওয়ার পরও এক্সের ইংরেজি অনুবাদে ভুল হয়। সেখানে কুয়েতের পরিবর্তে কাতারের জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করা হয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক নিয়ে দেওয়া পোস্টের অনুবাদেও ভুল নাম দেখানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তিনটি ঘটনায় একই ধরনের বিভ্রাটের মুখে পড়ার কথা জানিয়ে আকাজাওয়া বলেন, ‘আমি তিনবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।’
উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, বাণিজ্যমন্ত্রী রিয়োসেই আকাজাওয়াসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
সূত্র: কালবেলা